সিলেটটুডে ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৫ ১০:০২

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী আর নেই

বীর মুক্তিযোদ্ধা, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ রাতে তাঁর মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

তাঁর ছোট ভাই সৈয়দ সলমান আলী জানান, লাশ দেশে আসার পর ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে মরহুমের নামাজে-জানাযা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) এর দরগাহ প্রাঙ্গণে দাফন করা হবে। জানাযার সময় পরে জানানো হবে।

উল্লেখ্য, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি।

সৈয়দ মহসিন আলী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জেলা আওয়ামীলীগের সভাপতি এবং মৌলভীবাজার পৌরসভার টানা তিনবারের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২৩ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন সৎ রাজনীতিবিদ হিসেবে নিজের সম্পদ বিক্রি করে রাজনীতি করেছেন বলে তাঁর সুখ্যাতি ছিলো।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার শহরের ৩৬ শ্রীমঙ্গল সড়কে তাঁর বাসভবনে শোকার্ত মানুষের ঢল নেমেছে। তাঁর মৃত্যুতে নিজ জেলা মৌলভীবাজার এবং পুরো সিলেট বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ক্বোরআন খতম এবং শোক বই খোলা হয়েছে।

মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত