২২ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:০৪
এবার ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার দায় স্বীকারকারী মান্নান রাহীকে লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এরআগে অভিজিৎ রায় হত্যার দায়স্বীকারকারী আসামীদের অনন্ত বিজয় হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিলো।
অভিজিৎ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান মঙ্গলবার রাহীকে ঢাকার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম শামসুল আরেফিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেটের কানাইঘাট থেকে গেপ্তার করা মান্নান রাহী আদলতে লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। রাহি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। অনন্তও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। অভিজিত রায় প্রতিষ্ঠিত মুক্তমনা ব্লগের লেখক ছিলেন অনন্ত বিজয়।
গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে জঙ্গি কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। এরপর তিন মাস না পেরোতেই ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে একইভাবে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ।
এরপর গত ২৮ অগাস্ট সিলেটের কানাইঘাট উপজেলা থেকে মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমানকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার রিমান্ড আবেদনে বলা হয়, “সিলেটে অনন্ত এবং ঢাকায় অভিজিতকে একই কায়দায় হত্যা করা হয়। অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার শফিউর রহমান ফারাবীকে জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন তথ্য পাওয়া যায়। জানা যায়, আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ দুই হত্যায় যুক্ত। ফারাবীর দেওয়া তথ্যে মান্নান রাহীর নামও আসে। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
রাহীর আগে ফারাবীসহ মোট সাতজনকে অভিজিৎ হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
আপনার মন্তব্য