সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৫ ১২:০২

পুলিশের উপস্থিতিতে ‘গ্রেনেড বিস্ফোরণে’ জেএমবি নেতা নিহত

চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের এক অভিযানের সময় আগের দিন গ্রেফতার করা জেএমবির একজন নেতা গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার ভোরে চট্টগ্রামে এই ঘটনা ঘটে।

মো. জাবেদ নামের ওই নেতা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির ‘সামরিক শাখার প্রধান’ ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাকেসহ পাঁচজন জেএমবি সদস্যকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার সংবাদমাধ্যমকে বলেন, জাবেদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অক্সিজেন-কুয়াইশ সড়কে অভিযানে যায় পুলিশ। সেখানেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণে তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে বাবুল আক্তারের ভাষ্য।  

সোমবার বিকালে কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়া এলাকার আইয়ুব বিবি সিটি করপোরেশন কলেজ রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে জাবেদসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ বলছে, জাবেদের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে এবং তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ২০১২ সাল থেকে তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত।

খোয়াজনগরে তিন কক্ষের যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, গত ১ অক্টোবর সেটি তিনি ভাড়া নিয়েছিলেন পরিবার নিয়ে থাকার কথা বলে।

এর আগে সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর লালমিয়া কন্ট্রাকটর সড়কের হাজী নুর আহমদ টাওয়ারের নিচতলায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে জেএমবি প্রধান মো. জাবেদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে নয়টি হ্যান্ড গ্রেনেড, কয়েক’শ রাউন্ড গুলি, একটি পিস্তল, ১০টি ছোরা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত