১৮ অক্টোবর, ২০১৫ ১২:৪৮
প্রার্থিতা পেতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিল আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে এ শুনানি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহম্মদ এ শুনানি করছেন। তার সঙ্গে অপর চার নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন। কাদের সিদ্দিকীর শুনানি শেষে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর শুনানিও করবে ইসি।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনে পৌঁছান কাদের সিদ্দিকী।
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার (১৬ অক্টোবর) এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।
এ আসনে আগামী ১০ নভেম্বর নির্বাচন হওয়ার তারিখ রয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপি লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় গত ১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
আপনার মন্তব্য