সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০২৫ ১৮:৩৯

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়: সিপিবি

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় জাতীয় সংসদ এলাকার এলডি হলে শুরু হওয়া ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিপিবির সভাপতি মো. শাহ আলমের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

আলোচনার শুরুতে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার নানা ঘটনা ঘটেছে। যার ফলে জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হয়েছে। ফলে গণ-অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা, ফ্যাসিবাদী ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা- তার কোনোটিই করা সম্ভব হচ্ছে না।’

ড. আলী রীয়াজ বলেন, ‘সংস্কার ও সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে ঐকমত্য কমিশন।’

তিনি বলেন, ‘একটি সমৃদ্ধিশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন।’

এর আগে সরকারের পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের ওপর ৩৯টি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছিল ঐকমত্য কমিশন। এর পর সেই মতামত ধরে সংশ্লিষ্ট দলের সঙ্গে সংলাপ করছে কমিশন।

আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোকে গত ২০ মার্চ থেকে শুরু হওয়া কমিশনের প্রাথমিক পর্যায়ের বৈঠক শেষ হবে আগামী ১৫ মে। এর পর পুনরায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন।

আপনার মন্তব্য

আলোচিত