সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০২৫ ১১:০৮

বিতর্কিত ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি

প্রধান উপদেষ্টার নয়, বিএনপি বিতর্কিত ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেয়া হয়েছে। এছাড়া, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিতর্কিত তিন উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনসহ বেশ কিছু দাবি জানানো হয়েছে।

নির্বাচন যত বিলম্ব হবে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হবে জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। সংস্কার চলমান থাকবে। আমরা ক্ষমতায় গেলেও তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনি রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার দাবি জানিয়েছি।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এ জন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ দেওয়া দাবি জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যেকোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি, জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ওপরে বর্তাবে।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

এদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্থায়ী কমিটির আরও তিনজন সদস্য ছিলেন। তারা হলেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের জন্যে বিএনপি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত