সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৬ ১৪:৫৮

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোট নেতাদের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

সাক্ষাতের আগে দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে সই করেন তারা।

সাক্ষাৎকালে ছিলেন– বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, ইকবাল কবির জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশরোফা মিশু ও আব্দুল আলীসহ জোটের অন্য নেতারা।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাকে সান্ত্বনা দেন। এ সময় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। তারেক রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতারা নেতারা ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকারের সময়ও নিয়ে এসেছেন।

আপনার মন্তব্য

আলোচিত