২৭ জুলাই, ২০২৬ ১৮:৪৫
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে একজন এবং বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ মর্যাদায় নতুন দায়িত্ব পেয়েছেন কর্মকর্তারা।
গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক ১২টি প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেছেন।
নিয়োগপ্রাপ্তদের সকলেরই রাজনৈতিক পরিচয় রয়েছে। তারা সকলেই ক্ষমতাসীন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হয়েছেন মো. সালাহ্উদ্দিন সরকার। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী নিয়োগ পেয়েছেন। তিনি ক্ষমতাসীন দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামান নিয়োগ পেয়েছেন। তিনি জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া আবদুল খালেক বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া মো. শামসুজ্জামান সুরুজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম। তিনি বিএনপির সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন সিদ্দিকী জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যানের পদ পেয়েছেন বেনজীর আহমেদ। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এসব নিয়োগ কার্যকর হবে। তবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করতে হবে।
আপনার মন্তব্য