১৫ আগস্ট, ২০২৬ ০২:৩০
ছবি: সংগৃহীত
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ। দেশের ইতিহাসে ১৫ আগস্ট ‘অমোচনীয় কলঙ্ক হিসেবেই’ থেকে যাবে বলে মনে করে বাংলাদেশ জাসদ।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ১৫ আগস্ট উপলক্ষে নিজেদের কর্মসূচি তুলে ধরেছে দলটি।
তারা জানিয়েছে, শনিবার বিকাল ৫টায় ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ জাসদের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
১৫ আগস্ট সংগঠিত হত্যাকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের ইতিহাসে এ বর্বর ঘটনা এক অমোচনীয় কলঙ্ক হিসেবেই থেকে যাবে।
“দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত করার মাধ্যমেই জাতির এ কলঙ্ক দূর করা সম্ভব বলে বাংলাদেশ জাসদ মনে করে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে দিনটিকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করে। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিল করা হয়। এরপর ২০০৮ সালে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আদেশ বাতিল করে দেয় হাই কোর্ট। এরপর থেকে দিনটি জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি হিসেবে পালন করা হচ্ছিল। কিন্তু জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৮ সালের হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে লিভ টু আপিল করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২ ডিসেম্বর হাই কোর্টের রায় স্থগিত করে দেয় তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ। এতে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল হয়ে যায়।
আপনার মন্তব্য