নিউজ ডেস্ক

০৩ জুন, ২০১৫ ১৬:০০

আবেদন করেও মোদীর দেখা পাচ্ছেন না খালেদা

৬ ও ৭ জুন ঢাকা সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দিল্লি থেকে একটি দায়িত্বশীল সূত্র এ কথা জানিয়েছে।নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেই আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে সূত্রটি। 

সূত্র জানায়, সাউথ ব্লকে বিএনপি’র পক্ষ থেকে দেনদরবার কম হয়নি মোদি-খালেদা বৈঠকটি যাতে করা যায়। কিন্তু শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে সম্ভব নয়।

ব্যস্ত শিডিউলের কথা বলা হলেও, এই সুযোগ খালেদা জিয়া না পাওয়ার পেছনে কাজ করছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় বিএনপি চেয়ারপার্সনের তার সঙ্গে দেখা করতে না যাওয়া ও হরতাল ডাকার ঘটনাটি।  

সূত্র জানায়, ভারত সরকার ওই ঘটনার জেরেই খালেদার আবেদন বাতিল করে দিয়েছে। 

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ মার্চ ঢাকা সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সোনারগাঁও হোটেলে গিয়ে সাক্ষাৎ করার নির্ধারিত কর্মসূচি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সেদিন ছিল ২০ দলীয় জোটে বিএনপির শরিক দল জামায়াতের হরতাল। এই হরতালে নিরাপত্তার কারণ দেখিয়ে সেদিন খালেদা জিয়া প্রণবের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি। এ বিষয়টিকে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ভালো ভাবে নেই নি বলেই নরেন্দ্র মোদি খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন না বলে ধারণা করা হচ্ছে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত