সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০১৮ ১১:১৮

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

কুমিল্লায় নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (২৬ জুন) রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের নিষ্পত্তি করে হাইকোর্টের জামিন আদেশের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেন।

হাই কোর্টে জামিন চাওয়ার সময় বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় একটি ফৌজদারি আপিল করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। সেখানে তার স্থায়ী জামিনের আবেদন করা হয়েছিল।

আপিল বিভাগ বলেছে, আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে হাই কোর্টে খালেদা জিয়ার আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

রাষ্ট্রপক্ষে সোমবার লিভ টু আপিলের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দীন খোকন।

২০১৫ সালে বিএনপি জোটের টানা অবরোধ হরতালের মধ্যে ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে একটি কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পরে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়।

২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তাতে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের রায়ের পর সাড়ে চার মাস ধরে বন্দি খালেদা জিয়া ইতোমধ্যে ওই মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু কুমিল্লার নাশকতার দুটিসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়।

এছাড়া, বাস পুড়িয়ে মানুষ হত্যার অপর একটি মামলায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের জন্য ২ জুলাই তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরো ২০ জন। সেসব ঘটনায় দু’টি মামলা করা হয়।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

আপনার মন্তব্য

আলোচিত