সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০১৮ ১৯:৩৮

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি হলেও তার মনোবল শক্ত আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে কারাগারে বেগম জিয়ার সাথে সাক্ষাতের পর জেলগেটে সাংবাদিকদের তিনি জানান, ‘আমরা তাকে (খালেদা জিয়া) আমাদের অবস্থার কথা জানিয়েছি। আমরা আশা করছি, দ্রুতই তার জামিন হবে।’

দুর্নীতির দায়ে সাজা পাওয়া এবং বর্তমানে কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে শনিবার বিকাল ৪টা ৩ মিনিটে মির্জা ফখরুল একাই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

প্রায় এক ঘণ্টার সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তিনি সবাইকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে। সেখানে তিনিই এখন একমাত্র বন্দি।

এর আগে ২২ আগস্ট, পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বেলা সাড়ে ১২টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যান মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতারা। কিন্তু ওইদিন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

তবে ওইদিন বিকালে কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পরিবারের স্বজনরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি, তার ছোট মেয়ে জাহিয়া রহমান, ভাগ্নে ড. মামুন ও খালেদা জিয়ার এক ভাতিজি।

আপনার মন্তব্য

আলোচিত