সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৫ ১৬:২১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফ

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার পর মাত্র সাত দিনের মাথায় নতুন দপ্তর পেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। 

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইয়া।

এর আগে গত ৯ জুলাই এক প্রজ্ঞাপন দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। ওইদিন দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩ (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালায়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলমাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় করার পর সৈয়দ আশরাফই এই দপ্তরের প্রথম পূর্ণ মন্ত্রী। দেড় বছর ধরে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন সাবেক মন্ত্রী প্রয়াত এ এইচ এস কে সাদেকের স্ত্রী ইসমত আরা সাদেক।

সরকার প্রধান শেখ হাসিনা এই মন্ত্রণালয় নিজের হাতে রাখার পাশাপাশি এইচ টি ইমাম এ মন্ত্রনালয়ের উপদেষ্টা।

আপনার মন্তব্য

আলোচিত