সিলেটটুডে ডেস্ক

২৩ জুলাই, ২০১৫ ১২:১৪

ভারতের আদালতে অভিযোগ গঠন, নিজেকে নির্দোষ দাবি করলেন সালাহ উদ্দিন

নিজেকে নির্দোষ দাবি করলেও অবৈধ অনুপ্রবেশের জন্য ভারতের আদালতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বুধবার (২৩ জুলাই) মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালতে বাংলাদেশের এ রাকজনীতিবিদ বিএনপি নেতাকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে আগামি ৩০ জুলাই।

ঢাকা থেকে ‘নিখোঁজ’ হওয়ার দুই মাস পর গত মে মাসে সাবেক এই প্রতিমন্ত্রীর সন্ধান মিলেছিল মেঘালয়ে। তখন তিনি দাবি করেন, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় এই মামলা হয় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের বিরুদ্ধে। ভারতের পাসপোর্ট আইনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলার সাত সাক্ষী ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন।

গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিস মেলার পর আটক হয়ে কিছু দিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন সালাহ উদ্দিন। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেয় আদালত।

এরপর মেঘালয় পুলিশ গত ৩ জুন সালাহ উদ্দিনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেয়। তার ভিত্তিতে বুধবার অভিযোগ গঠন হয় মেঘালয়ের বিচারিক হাকিম কেএমএল নংব্রির আদালতে।

৫৪ বছর বয়সী সালাহ উদ্দিনের দাবি, অচেনা এক দল লোক ঢাকার এক বাড়ি থেকে তাকে তুলে নিয়েছিল। এরপর আর কিছুই তিনি মনে করতে পারেন না। শিলংয়ে খোঁজ মেলার পর আচরণ অসংলগ্ন মনে হওয়ায় বাংলাদেশের সাবেক এই প্রতিমন্ত্রীকে প্রথমে একটি মানসিক হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ।

স্বামীর সন্ধান পাওয়ার পর শিলংয়ে ছুটে যান সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। তিনি চিকিৎসার জন্য স্বামীকে ভারত থেকেই সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করেন। তবে আদালতে তার আবেদন নাকচ হয়ে যায়।

বিএনপির এই নেতা এ মুহূর্তে দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার চেয়ে ভারতেই দীর্ঘ সময় অবস্থান করতে আগ্রহী বলে তার ঘনিষ্ঠরা এর আগে জানিয়েছিলেন।

নিখোঁজ হওয়ার আগে বিএনপির অবরোধ-হরতালে নাশকতায় প্রাণহানির মধ্যে অজ্ঞাত স্থান থেকে প্রায় এক মাস বিবৃতি পাঠিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আসছিলেন সালাহ উদ্দিন। সে সময় নাশকতার বিভিন্ন মামলায় তাকে আসামি করা হয়। ভারতে সন্ধান পাওয়ার পর সালাহ উদ্দিনকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ইন্টারপোলের একটি ‘রেড নোটিশ’ জারিও হয়।

আপনার মন্তব্য

আলোচিত