নিউজ ডেস্ক

১৭ আগস্ট, ২০১৫ ০৬:০৪

নাশকতার মামলায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেফতার

নাশকতার মামলায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল হাকিমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও শহরের তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, হরতাল অবরোধে নৈরাজ্য সৃষ্টি, মাওলানা সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় পুলিশ ও বিজিবির গুলিতে ৫ ব্যক্তির মৃত্যুর মামলা সহ ৫ই জানুয়ারি তারিখে সহকারি প্রিজাইডিং অফিসার হত্যা সহ আব্দুল হাকিমের বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে। বেশ কিছুদিন থেকে তিনি পালিয়ে থাকায় গ্রেপ্তার করা যায়নি। অবশেষে রোববার দিবাগত রাত দেড়টায় অর্থাৎ সোমবার রাতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মাওলানা হাকিমকে তার নিজ বাসা ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন গ্রেপ্তারের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত