১৮ আগস্ট, ২০১৫ ১৫:২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে কুমিল্লার একটি আদালত। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় তাকে কারাগারে পাঠানো হলো।
মঙ্গলবার (১৮ আগস্ট) এমকে আনোয়ার কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক শহীদুল্লাহ কায়সার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কুমিল্লার আদালতে এমকে আনোয়ারের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ৫০ জন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এপিপি খোরশেদ আলম।
গত ২ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা মেরে আগুন দেয়। এ ঘটনায় আট যাত্রীর মৃত্যু হয়।
এমকে আনোয়ারের আইনজীবী হরুনুর রশিদ জানান, ওই ঘটনায় পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় গত ৯ জুলাই হাই কোর্ট চার সপ্তাহের জামিন মঞ্জুর করে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিল।
“এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২৭ জুলাই জামিন আদেশ স্থগিত করে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজিরের নির্দেশ দেন।
“হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ৩ অগাস্ট কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন।কিন্তু মামলার নথি কুমিল্লার আদালতে না আসায় মঙ্গলবার তিনি পুনরায় হাজির হন।”
আপনার মন্তব্য