সংবাদ বিজ্ঞপ্তি

০৫ আগস্ট, ২০২৬ ২০:৫৩

শিক্ষার্থীদের নিয়ে ব্রাক্ষণবাড়িয়ায় বইপড়া কর্মসূচী শুরু

ব্রাক্ষণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে বইপড়া কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচীর শুরু হয়।

এদিন জেলা প্রশাসক মো. আবু সাঈদ বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে বই পড়া বিষয়ক আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের বই পড়ার উপকারিতা এবং নতুন নতুন স্বপ্নের কথা বলেন। স্বপ্ন বাস্তবায়নে বই কীভাবে শিক্ষার্থীদের সহায়তা করবে সে বিষয়েও বিভিন্ন মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু তালেব পুরো আয়োজনের বিস্তারিত চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে। তাদের কথায় অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা বই পড়া কর্মসূচীতে অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেন। অআকখ এর সংগঠক শেখ ফাতিমা পাপিয়া শিক্ষার্থীদের বলেন, "সাহিত্যের কাজ সম্পর্ক তৈরি করা, আমরা আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় করবো বই পড়ার মাধ্যমে।"

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ ব্রাক্ষণবাড়িয়া জেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে। এতে খুঁজে বের করা হবে সেরা সব পাঠকদের। প্রতিযোগিদের জন্য থাকবে বিভিন্ন পুরষ্কার ও সনদ। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে থাকবে সাহিত্য আড্ডা। উপজেলা এবং জেলা পর্যায়েও আয়োজিত হবে এই কর্মসূচি।

কর্মসূচির মূল বৈশিষ্ট্য ও প্রতিযোগিতার নিয়মাবলী:

* তিনটি বিভাগে অংশগ্রহণ: ষষ্ঠ-অষ্টম শ্রেণি 'ক' বিভাগ, নবম-দশম শ্রেণি 'খ' বিভাগ এবং একাদশ-মাস্টার্স 'গ' বিভাগে অংশ নেবে।

নির্বাচিত বইয়ের তালিকা: বাংলা সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, জীবনী ও নৈতিক শিক্ষাবিষয়ক গ্রন্থসমূহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

*মূল্যায়ন পদ্ধতি: লিখিত (২০ নম্বর), মৌখিক (১০ নম্বর) এবং বই উপস্থাপনা ও বিশ্লেষণের (২০ নম্বর) মাধ্যমে মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে।

উপজেলা থেকে জেলা পর্যায়: প্রতিটি উপজেলা থেকে ৩টি বিভাগে মোট ১৫ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আকর্ষণীয় পুরষ্কার: প্রতি গ্রুপে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপকে আকর্ষণীয় পুরস্কারসহ জেলা পর্যায়ের সকল অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হবে।


জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, এবং পাঠক সহযোগিতায় মাঠ পর্যায়ে সহযোগিতা করবে বই পড়ুয়াদের সংগঠন, অ আ ক খ।

আপনার মন্তব্য

আলোচিত