০৬ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৪২
অবিলম্বে সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আন্দোলনের অংশ হিসেবে সিলেট আদালত পাড়ায় গণসংযোগ করা হয়।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তরের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কতিপয় অসৎ ব্যক্তিদের সমন্বয়ে গড়ে উঠা লুঠেরা সিন্ডিকেট নানা মিথ্যাচার ছড়িয়ে দেশ ও জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে গ্যাস সংযোগ বন্ধ করে রেখেছে। তাদের অসৎ ব্যবসায়িক উদ্দেশ্য চরিতার্থ করে চলছে। লুঠেরা সিন্ডিকেটের এহেন দুর্দমনীয় অপরাধ যজ্ঞের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
গণসংযোগে নেতৃত্ব দেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, যুগ্ম আহ্বায়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক ও জাসদ জেলা সাধারণ সম্পাদক কে,এ, কিবরিয়া চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিপিবি জেলা যুগ্ম সম্পাদক খায়রুল হাসান, তরুন আইনজীবী অ্যাডভোকেট উজ্জল রায় ও অ্যাডভোকেট রণেন সরকার রনি, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্চিত শর্মা প্রমুখ।
নেতৃবৃন্দ, আগামী ১২ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গ্যাস সংযোগের দাবিতে মানববন্দন কর্মসূচিতে অংশগ্রহনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য