১৭ অক্টোবর, ২০১৫ ১৯:৪৪
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নেইমারের যোগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর এতে অস্বচ্ছতা প্রমাণিত হলে সান্তোষের দাবিকৃত ছয় মাসের নিষেধাজ্ঞা কিংবা অন্য কোন শাস্তির মুখে পড়তে পারেন সুপারস্টার নেইমার।
২০১৩ সালের জুনে ব্রাজিলের সান্তোস থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন নেইমার।
২০১১ সালে বার্সেলোনা নেইমারের বাবার প্রতিষ্ঠানকে এক কোটি ইউরো দিয়েছিল। কিন্তু এই বিষয়ে সান্তোসকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে ক্লাবটি। নেইমারকে কেনার অধিকার নিশ্চিত করার জন্যই ওই অর্থ দেওয়া হয়েছিল।
পরে নেইমারকে নেওয়া চূড়ান্ত হওয়ার পর ২০১৩ সালে আরও তিন কোটি ইউরো সরাসরি নেইমারের বাবার প্রতিষ্ঠানকে দেয় বার্সেলোনা।
ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাবটি মনে করছে, নেইমারের দলবদলের প্রক্রিয়ায় মোট ৮ কোট ৩৪ লাখ ইউরোর মধ্যে তারা পেয়েছে কেবল ১ কোটি ৭১ লাখ ইউরো। এই চুক্তি থেকে তাদের অন্যায্যভাবে কম অর্থ দেওয়া হয়েছে।
চুক্তির শর্ত ভঙ্গ করায় ফিফার কাছে নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন করে সান্তোস। ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি ৫০ লাখ ইউরোও দাবি করে ক্লাবটি।
তবে সান্তোস কর্তৃপক্ষের দাবি, তাদের সাবেক তারকা খেলোয়াড় নেইমারের ক্যারিয়ারের কোনো ক্ষতি তারা করতে চান না।
ফিফা শুক্রবার রয়টার্সকে নেইমার ও বার্সেলোনার বিরুদ্ধে সান্তোসের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে জানায়, বিষয়টি এখন তদন্তের আওতায় আছে।
আপনার মন্তব্য