১৭ অক্টোবর, ২০১৫ ২০:০১
সবাই যে ম্যাচে নিষ্প্রাণ ড্র দেখতে পাচ্ছিল সে ম্যাচ কিনা কি দারুণ ভাবে জমিয়ে তুলল ইংল্যান্ড। ৫ম দিনের খেলা বাকি ছিল আরও ৮ ওভার, জয় থেকে ইংল্যান্ডের দূরত্ব তখন মাত্র ২৫ রান। মাঠের দুই আম্পায়ার 'আলো স্বপ্লতার' কারণ দেখিয়ে খেলা শেষ করে দিলে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে যায় পাকিস্তান। দুই আম্পায়ার সিদ্ধান্ত নিতে নিতেই অবশ্য তড়িগড়ি করে রুট আর বেলের সাথে হ্যান্ডশেক করে মাঠ ছাড়েন পাকিস্তানিরা।
আবুধাবির তীব্র গরমে দুই দলের একটি করে ইনিংস শেষ হয় চতুর্থ দিনের সকালে। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৭ উইকেটে ৫২৩ রানের পর ইংল্যান্ডে করে ৯ উইকেটে ৫৯৮। এই অবস্থায় ড্র ছাড়া ম্যাচের ভাগ্যে আর কি থাকে?
কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানিদের মাত্র ১৬৮ রানে গুড়িয়ে দিয়ে জয়ের পথ খোলে ফেলে টেস্টে গত কিছুদিন দুর্দান্ত খেলা ইংলিশরা। শুরুটা করেছিলেন অ্যান্ডারসন। মরা উইকেটে বাউন্সার আর ইয়র্কারে ৬ রানেই পাকিস্তানের দুই উইকেট তোলে নেন তিনি।
আর শেষটা করেছিলেন প্রথম ইংনিসে বেধড়ক মার খাওয়া আদিল রশিদ। ৫ উইকেট তোলে নেন এই লেগ স্পিনার। অথচ কে বলবে অভিষেকে সবচেয়ে খরুচে বোলিং করে উইকেট শূন্য থাকার ভুলে যাওয়ার মত রেকর্ড করেছিলেন আগের ইনিংসেই।
অর্ধেক সেশনেরও কম সময়ে দিনের প্রায় ১৮ ওভার বাকি থাকতে ৯৯ রানের টার্গেট পেয়ে জিতার সর্বোচ্চ চেষ্টাই করেছিল ইংলিশরা।
নিজে ওপেনিং এ না উঠে কাপ্তান কুক বাটলার আর মঈন আলীকে পাঠিয়েছিলেন দ্রুত রান তোলার জন্য। ৪ উইকেট হারালেও ১১ ওভারে ৭২ রান তোলে জয়ের দিকেই এগোচ্ছিল তারা। তবে বেরসিক দুই আম্পায়ার জানিয়ে দিলেন আলো কম, খেলা বন্ধ। তাঁর আগে অবশ্য পাকিস্তানিরাও বারবার আম্পায়ারের কাছে আলো কমে যাওয়ার কথা জানাচ্ছিলেন।
নাটকীয় এই ম্যাচে ২৬৩ রানের ম্যারাথন ইনিংস খেলে সেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুক।
আপনার মন্তব্য