সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ১১:১৪

ব্রাজিলের বিপক্ষে আগুয়েরোকে চায় আর্জেন্টিনা

ব্রাজিলের বিপক্ষে আগামি মাসে অনুষ্ঠেয় বিস্বকাপ বাছাইপর্বের ম্যাচে সের্হিও আগুয়েরোকে চায় আর্জেন্টিনা, কিন্তু তার ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনির মতে, পুরোপুরি সুস্থ না হয়ে খেলা উচিত হবে না আগুয়েরোর।

চোট কাটিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারের মাঠে ফেরার বিষয়ে পেল্লেগ্রিনি বলেন, এক্ষেত্রে 'নিজের শরীরের কথা শোনা' উচিত আগুয়েরোর।

"সে খুবই বিধ্বংসী খেলোয়াড় যে (মাঠে) সব সময় দৌড়ায়। যখন তার মনে হবে, কোনো কিছু শতভাগ ঠিক নেই, তখন তার নিজের শরীরের কথা শোনা উচিত এবং নিজের যত্ন নেওয়া উচিত।"

গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরের কাছে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এ ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। পরে তার হ্যামস্ট্রিংয়ের (পায়ের পেশির) চোট ধরা পড়ে। তখন বলা হয়েছিল, কমপক্ষে তিন সপ্তাহ খেলতে পারবেন না তিনি।

ফলে আগামী ১৩ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে আগুয়েরোর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশ্য প্রত্যাশিত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠলে ওই 'সুপার ক্লাসিকোয়' দেখা যেতেও পারে এ মাসের শুরুতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ ব্যবধানের জয়ে একাই পাঁচ গোল করা এই তারকাকে।

ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি অনিশ্চিত আর আগুয়েরা খেলতে না পারলে বেশ বেকায়দায় পড়ে যাবেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনোও। তাই খুব করে চাইছেন, সুস্থ হয়ে উঠুক আগুয়েরো। কিন্তু এ বিষয়ে কোনোরকম তাড়াহুড়োয় ঘোর আপত্তি সিটি কোচ পেল্লেগ্রিনির।

এদিকে, আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষে এবং তারপরের সপ্তাহে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ক্লাবের দুই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আগুয়েরো। পেল্লেগ্রিনিও তাই তার দলের মূল স্ট্রাইকারের যত দ্রুত সম্ভব ফেরার আশা করছেন, কিন্তু শতভাগ সুস্থ না হয়ে নয়।

পেল্লেগ্রিনির মতে, আগামী ৮ নভেম্বর প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে পুরো ৯০ মিনিট খেলতে পারলেই জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা থাকবে আগুয়েরোর।
রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে এখনও জয়ের মুখে দেখেনি আর্জেন্টিনা। এক পরাজয় আর ড্র করেছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত