২০ অক্টোবর, ২০১৫ ০৩:০১
দক্ষিণ আফ্রিকার রাজ্য ক্লাব আইরিন ভিলেজার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে শুভাগত হোমের নেতৃত্বে যাওয়া বাংলাদেশ ‘এ’ দল।
২৭০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর বল হাতে ঝড় তুলেছিলেন পেসার আল আমিন হোসেন। তাতেও কোন লাভ হলো না। শেষ পর্যন্ত রাজ্য দলটি জয় নিয়েই মাঠ ছাড়ে।
আল আমিনের ঝড়ে যখন একের পর এক উইকেট হারাতে থাকে আইরিন ভিলেজার্স, তখনই দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যান এস নাইডু এবং আর মুনসামি। ২৭ রানেই ৪ উইকেট পড়ার পর ১৩৬ রানের জুটি গড়েন এ দু’জন।
এস নাইডু করেন ৮৭ বলে ৬৫ রান এবং এস মুনসামি ৭৫ বল খেলে করেন ৮৪ রান। আল আমিন তোপে এই জুটি ভাঙলেও টি কাবের (৪৪) এবং এস স্নাইম্যান (৪০) স্বাগতিকদের জয়ের বন্দরে পৌঁছে দেন।
৪৫ রান দিয়ে ৫ উইকেট নেন আল আমিন হোসেন। অপর উইকেটটি নেন তাইজুল ইসলাম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালোই সূচনা করেছিল ওপেনাররা। ১৩ ওভারে ৯৯ রান তুলে ফেলার পর প্রথম উইকেটের পতন।
এরপর ১৩৫ রান তুলতেই নেই ৫ উইকেট। তবুও শেষ দিকে মাহমুদুল হাসান (৪৩) এবং সাদমান ইসলামের (৩৮) কল্যাণে ২৭২ রানের চ্যালেঞ্জ দিতে পেরেছিল বাংলাদেশ ‘এ’ দল।
রনি তালুকদার সর্বোচ্চ ৬৮ রান করেন।
আপনার মন্তব্য