স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:৪৬

ক্যারিবিয়ান বোলিং তোপে খাবি খাচ্ছে পাকিস্তানিরা

৩১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১ রানেই ৪ উইকেট হারিয়ে খাদে পড়ে পাক দলের ব্যাটিং লাইনআপ ।

এই অবস্থা থেকে তাদের উত্তরনের চেষ্টা করছেন উমর আকমল ও শোয়েব মাকসুদ । সর্বশেষ খবর অনুযায়ী ১৯ ওভারে ৫ উইকেটে ৭৫ রান করেছে তারা ।
জেরোম টেইলরের করা প্রথম ওভারে ফিরে যান নাসির জামশেদ ও ইউনুস খান। পরের ওভারে ফিরে হারিস সোহেলকেও বিদায় করেন টেইলর।

চতুর্থ ওভারে আহমেদ শেহজাদকে বিদায় করে পাকিস্তানের বিপদ আরো বাড়ান জেসন হোল্ডার।

আন্দ্রে রাসেলের বলে স্লিপে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক মিসবাহ-উল-হক।

দিনেশ রামদিন ও লেন্ডল সিমন্সের অর্ধশতকে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ৩১১ রান চাই পাকিস্তানের।

শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করা দলটি ২৮ রানেই হারায় দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

পঞ্চম ওভারেই বিদায় নেন ক্রিস গেইল। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফেরান মোহাম্মদ ইরফান। অষ্টম ওভারে আঘাত হানেন সোহেল খান। একবার জীবন পাওয়া ডোয়াইন স্মিথকে ফেরান তিনি।

তৃতীয় উইকেটে মারলন স্যামুয়েলসের সঙ্গে ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ড্যারেন ব্র্যাভো। স্যামুলেসকে বদলি ফিল্ডার ইয়াসির শাহর ক্যাচে পরিণত করে ১৬.২ ওভার স্থায়ী জুটি ভাঙেন হারিস সোহেল।

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ৪৯ রানের ভালো একটি ইনিংস খেলেন ব্র্যাভো।

লেন্ডল সিমন্সকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন রামদিন। অর্ধশতকে পৌঁছানোর পর হারিসের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৪৩ বলে খেলা তার ৫১ রানের ইনিংসটি ৭টি চারে সাজানো।

ড্যারেন স্যামির সঙ্গে সিমন্সের ৬৫ রানের চমৎকার জুটিতে আড়াইশ’ পার হয় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। ওয়াহাব রিয়াজের বলে শহিদ আফ্রিদির ক্যাচে পরিণত হয়ে স্যামি বিদায় নিলেও দ্রুত রান সংগ্রহের পথে তা কোনো প্রভাব ফেলেনি।

এসেই আক্রমণাত্মক ব্যাটিং করা আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে তিনশ’ পার হয় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। মাত্র ১৭ বলে ৫১ রানের জুটি গড়েন এই দুই জনে।

শেষ বলে রান আউট হওয়ার আগে ৫০ রান করেন সিমন্স। তার ৪৬ বলের ইনিংসটি ৪টি চার ও ২টি ছক্কায় গড়া।

মাত্র ১৩ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন রাসেল। তার বিধ্বংসী ইনিংসটি ৪টি ছক্কা ও ৩টি চারে সাজানো।

পাকিস্তানের হারিস ২ উইকেট নেন ৬২ রানে।

 

আপনার মন্তব্য

আলোচিত