ক্রীড়া প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি , ২০১৫ ১১:২৪

এখনই করাচীর টিকিট নয়, এসোসিয়েট কান্ট্রিতে ভরসা পাকিস্তানের

পাকিস্তানের রেকর্ড হার

ভাগ্যিস গ্রুপে দূর্বল তিন প্রতিপক্ষ ছিল, তা না হলে এখন করাচীর টিকিট কাটতে ব্যস্ত হয়ে পড়ত পাকিস্তান দল। পুল-বি'তে আইসিসির এসোসিয়েট সদস্য আয়ারল্যাণ্ড, আরব আমিরাত আর নিজেদের হারিয়ে ফেলা আইসিসির পূর্ণ সদস্য জিম্বাবুয়ে আছে বলে এখনও আশা ছাড়তে রাজি না পাকিস্তান। কিন্তু কে জানে সে বাঁধও পেরুবার কী-না?

ওয়েস্ট ইণ্ডিজের ৩১০ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ১৬০ রানে। ব্যবধান ১৫০ রান, এটা ওয়েস্ট ইণ্ডিজের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ব্যবধানে হার।

গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও একই ফলাফল। ওয়েস্ট ইণ্ডিজের বিপক্ষে এই ব্যবধান ১৫০ রান। একতরফা দুই ম্যাচের পর এখন পাকিস্তানের ভরসা আয়ারল্যাণ্ড, আমিরাত আর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ, যদিও আয়ারল্যাণ্ড ওয়েস্ট ইণ্ডিজকে হারিয়ে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে।

সকালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে করে ৩১০ রান। শেষ ৬ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয় ৮৯ রান।

দিনেশ রামদিনের ৫১, লিন্ডল সিমন্সের ৫০ আর ড্যারেন ব্রাভোর ৪৯ রানের সঙ্গে মারলন স্যামুয়েলসের ৩৮, শেষ দিকে ব্যাটে ঝড় তুলে মাত্র ১৩ বলে ৩টি চার আর ৪টি ছয়ে ৪২ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল আর ড্যারেন সামি করেন ৩০ রান।

জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে এক রান যোগ করতেই ৪ উইকেট নেই! একে একে সাজঘরে ফেরেন নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, ইউনুস খান এবং হারিস সোহেল।

এক রানে ৪ উইকেট হারিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড করেছে পাকিস্তান। এর আগে কোনো দল এক রানে ৪ উইকেট হারায়নি। ২০০৬ সালে ট্রাই সিরিজে কানাডা এবং জিম্বাবুয়ের মধ্যাকার একটি খেলায় ৪ রানে ৪ উইকেট হারিয়েছিল কানাডা। সে ম্যাচে ১৪৩ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

সর্বশেষ ১৩টি ম্যাচের ১১টিতেই হেরেছে পাকিস্তান। অন্যদিকে সর্বশেষ ৮ ম্যাচের একটিতে মাত্র জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ক্যারিবীয়রা। ১২৬ ম্যাচে ৬৮ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে পাকিস্তান জিতেছে ৫৫ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ের তিনটি ম্যাচ টাই হয়।

আর বিশ্বকাপে ৯ বারের দেখায় ৬ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বাকি ৩ বার জয়ের দেখা পায় পাকিস্তান। গত বিশ্বকাপের পর এ পর্যন্ত মুখোমুখি ১১ ম্যাচের ৬ ম্যাচে জিতেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪টি, বাকি ম্যাচটি টাই।

 

 

আপনার মন্তব্য

আলোচিত