২১ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:০০
আশঙ্কা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো। বৃষ্টির কারণে মাঠে গড়ায় নি এক বলও। ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতেই হলো আইসিসিকে। ফলে দুই দলের ঘরে গেলো এক পয়েন্ট করে।
স্থানীয় সময় ১৬:৪২ ও বাংলাদেশ সময় বেলা পৌনে একটা পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার বিলি বাউডেন ও কুমার ধর্মসেনা।
ভারী বৃষ্টির কারণে আয়োজকদের সুযোগ ছিল না ম্যাচ আয়োজনের। যদিও মাঠের স্টাফেরা বলছিলেন বৃষ্টি থামলে খুব কম সময়ের মধ্যে তারা মাঠকে খেলার উপযোগি করতে পারতেন কারণ ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা মাঠের ড্রেনেজ সিস্টেম খুবই উন্নতমানের।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এক পয়েন্ট করে পেয়েছে। দুই দলেরই পয়েন্ট এখন এখন তিন করে।
সাইক্লোন মার্সিয়ার প্রভাবে গত বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে কখনো মুষলধারে কখনো গুড়িগুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। তাই টস করাই সম্ভব হয়নি বিশ্বকাপের একাদশ ম্যাচে।
গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই বলে আইসিসি ম্যাচটি ওভার কমিয়ে হলেও আয়োজনের চেষ্টা চালায়। গ্যাবার পানি নিষ্কাশন ব্যবস্থা ও আবহাওয়ার উন্নতির পূর্বাভাসে আশাবাদী ছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত জয় হয় বৃষ্টিরই।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতে বিশ্বকাপে শুভ সূচনা করে। বাংলাদেশ ১০৫ রানে হারায় আফগানিস্তানকে। ইংল্যান্ডের বিপক্ষে ১১১ রানে জিতে অস্ট্রেলিয়া। ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড।
আগামী বৃহস্পতিবার মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ।
আপনার মন্তব্য