২৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:০২
আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)-এর অভিযোগ পেয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত হন বাংলাদেশ দলের ফাস্ট মিডিয়াম পেস বোলার আল আমিন। তাঁকে দেশের টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন পেসার শফিউল।
সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, টেকনিক্যাল কমিটি আল-আমিনের জায়গায় শফিউলকে বাংলাদেশ দলে নেওয়ার অনুমোদন দিয়েছে।
এর আগে গত রোববার একজন পেসারকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা জানান বাংলাদেশের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ৫২ ওয়ানডে খেলা শফিউল তাদের বিবেচনায় এগিয়ে আছেন বলেও জানান তিনি।
২০১১ সালের বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নেন এই পেসার এবং ইংল্যাণ্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিবিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলের বিধি-নিষেধ ভাঙার জন্য আল-আমিন হোসেনকে দল থেকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষে ম্যানেজারের প্রতিবেদন পেয়ে বিসিবি বিধি-নিষেধ ভাঙার ব্যাপারে নিজস্ব তদন্ত করবে।”
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান, রাত দশটার পরে বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হয়। কিন্তু তা না নিয়েই বৃহস্পতিবার রাতে আল-আমিন দশটার পর ফেরেন। বিষয়টি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) তাদের জানায়।
গত বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় আল-আমিনের। ১১ ওয়ানডে খেলা এই পেসার এবার ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এই পেসার।
তবে এমসিজিতে অনুষ্ঠেয় ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শফিউল খেলতে পারবেন কি না, এ ব্যাপারে নিশ্চিত নয়।
এদিকে ব্রিসবেনের মতো অতটা তীব্র না হলেও মেলবোর্নের আকাশও ভার! তবে বৃষ্টির চেয়ে বাংলাদেশ দলে বোধ হয় বড় ঝাপটা দিয়েছে আল আমিনের ঘটনাটাই!
আপনার মন্তব্য