২৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:১৯
গেইলের ব্যাট যেদিন কথা বলে সেদিন পৃথিবীর কোন বোলারেরই আসলে করার কিছু থাকে না । জিম্বাবুয়াইন বোলাররা আজ সেই অসহায় অবস্থায় পড়েছিলেন ।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে কি দারুনভাবেই না কাজে লাগালেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দাপুটে এই ব্যাটসম্যান । ৫০ ওভারের একদম শেষ বলে আউট হবার আগে গেইল করেছেন ১৪৭ বলে ২১৫ রান । ছক্কা মেরেছেন ১৬টি, চার মেরেছেন ১০টি । মারলন স্যামুয়েলস করেছেন ১৩৩ রান ।
এই দুইজনের দানবীয় ব্যাটিং -এ ওয়েষ্ট ইন্ডিজের ইনিংস থামে ৩৭২ রানের পাহাড়ে ।
ওয়ান্ডে ডাবল সেঞ্চুরিয়ান ক্লাব এতদিন ছিল ভারতীয়দের দখলে। এবার সেখানে ভাগ বসালেন ক্রিস গেইল। শচীন টেণ্ডুলকার, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মার পর ওয়ান্ডে ক্রিকেটের পঞ্চম ডাবল সেঞ্চুরি গেইলের আর বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম! তবে বিশেষত্ব হচ্ছে গেইলের ডাবল সেঞ্চুরীটিই সবচেয়ে দ্রুততম ।
জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা করেছিলেন খুব ধীরে। ১০৫ বলে শতরান করেছিলেন গেইল। এ ব্যাটিং দেখে গেইলভক্তরা ভাবেন নি ইনিংস এগুনোর সাথে সাথে শেষে দেখা যাবে অন্য এক গেইলকে।
সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে গেইল খরচ করলেন মাত্র ৩৩ বল। শেষ পর্যন্ত ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। যেখানে ছিল ১৬টি বিশাল ছয় আর ৯টি চারের মার।
এটা ক্রিস গেইলের ওয়ানডে ক্যারিয়ারে ২২তম শতক। এর আগে ৭৯ রান করে নয় হাজারি ক্লাবে নাম লেখান এ বাঁহাতি ড্যাশিং ওপেনার। এগারোতম বিশ্বকাপে নিজের প্রথম শতক হাঁকাতে গেইল ১০৫ বল খেলেন।
২৬৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৬১ ইনিংস খেলে ৯ হাজার রান পূর্ণ করেন গেইল। ২১টি শতক এবং ৪৭টি অর্ধশতকের মালিক তিনি।
আপনার মন্তব্য