স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৫ ০১:৪৫

শ্রীলংকা বধের কৌশল আঁটছেন হিথ স্ট্রিক

শ্রীলংকা বধের কৌশল আঁটছে বাংলাদেশ দল। কৌশলী ভূমিকায় থাকা হিথ স্ট্রিকের আশা এখন পর্যন্ত অপরাজিত থাকা বাংলাদেশ দল হারিয়ে দেবে শ্রীলংকাকে যারা ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে আর হেরেছে নিউজিল্যাণ্ডের বিপক্ষে। 

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের খেলা ম্যাচের সংখ্যা ২, এখন পর্যন্ত অজেয় তারা। আফগানিস্তানকে হারিয়ে শুরু করা মাশরাফি বিন মুর্তজার দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারেনি। তবে বৃষ্টিতে পন্ড ম্যাচ থেকে পেয়েছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।

এবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এশিয়ান প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা বাধা। প্রথম ম্যাচের মতো ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করতে চায় বাংলাদেশ। দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের আশা, টুর্নামেন্টের ফেভারিট প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের সুযোগ বাঁচিয়ে রাখবেন মাশরাফিরা।

জিম্বাবুয়ান এ কোচ বলেন, 'ভালো শুরু করতে হবে। ব্যাট-বলে একইভাবে শুরু করব আমরা। অস্ট্রেলিয়াকে না খেলা অনেকটাই বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে মোকাবিলা না করার মতো। কিন্তু তাদের কাছ থেকে একটি পয়েন্ট পাওয়া ও আফগানিস্তানের বিপক্ষে জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

আসন্ন ম্যাচে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা এগিয়ে যেতে পারি। বাংলাদেশের ১৬ কোটি মানুষের শুভ কামনা আছে আমাদের সঙ্গে যোগ করেন তিনি। ছেলেরাও ভালো করতে মুখিয়ে।'

শ্রীলঙ্কা যে টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ দল তা স্বীকার করেন স্ট্রিক। কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশানের মতো ব্যাটসম্যানদের দ্রুত মাঠছাড়া করতে হবে মনে করেন তিনি, 'উইকেটে তাদের থিতু হতে দেয়া যাবে না। দ্রুত উইকেট নেয়া খুব গুরুত্বপূর্ণ। যদি সেটা পারা যায়, তবে এগিয়ে থাকা যাবে।' পিচ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতোই আচরণ করবে বলে ধারণা স্ট্রিকের। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান এ কোচ।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতাটা যত না খারাপ, তার চাইতেও বেশী খারাপ অভিজ্ঞত রয়েছে জয়াবর্ধনেদের বিপক্ষে। ২৬ তারিখে মেলবোর্নের ওই ম্যাচের আগে তাই টিম ম্যানেজমেন্টসহ প্রত্যেক বোলারকেই এই দুই ব্যাটসম্যানকে নিয়ে ভাবতে হচ্ছে।

তবে পরিকল্পনাটা নাকি আর সবার মতোই, জানালেন মাশরাফিদের শিক্ষক হিথ স্ট্রিক। যেহেতু তিনি দলের বোলিং কোচ, তাকে এ নিয়ে একটু বেশীই ভাবতে হচ্ছে হয়তো। যদিও স্বভাবসুলভ হাসিতে সেটা অনেকটা এড়িয়ে গেলেন, ‘হ্যা। ওদের আউট করার পরিকল্পনা আছে(হাসি)। কিছু পরিকল্পনা, পাল্টা পরিকল্পনা তো থাকবেই। আমরা চেষ্টা করব, তাদের আটকানোর। আমাদের মনে রাখতে হবে ওরা দুজন বিশ্বের সর্বকালের সেরাদের তালিকায় থাকা ক্রিকেটার।’

লঙ্কান ব্যাটসম্যানদের সাজঘরে ফেরাতে স্পিনারদের চাইতে পেসারদের উপরেই বেশী নির্ভরতা প্রকাশ পেল কোচের মুখে। প্রকাশ পেল সন্তুষ্টিও, ‘আমি খুব রোমাঞ্চিত। আফগানিস্তানের বিপক্ষে তাসকিন প্রায়ই ১৪৫ কিলোমিটারে বল করেছে। রুবেল সবসময় ১৪০-এর ওপরে ছিল। মাশরাফি অবিশ্বাস্য বল নিয়ন্ত্রন দেখিয়েছে। আশা করছি, শ্রীলংকার বিপক্ষে তারা আরও ভালো করবে।’

 

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত