২৬ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:২৪
অবিস্মরণীয় এক লড়াই শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে লড়াকু আফগানরা। ডানেডিনে আগে ব্যাটিং করে স্কটল্যান্ডের বেঁধে দেওয়া ২১১ রানের লক্ষ্যমাত্রা আফগানরা স্পর্শ করেছে এক উইকেট হাতে রেখেই।
সামিউল্লাহ শেনওয়ারি, জাভেদ আহমেদীর দুটি অসামান্য ইনিংসে বিপর্যয়কর পরিস্থিতিতে থেকেও ম্যাচটা শেষ অবধি হেসেছে আফগানদের পক্ষেই।
স্কটল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও এক পর্যায়ে খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। আহমেদ জাভেদী আর নওরোজ মঙ্গলের ৪২ রানের উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেট-জুটিতে ৩৯ রান—এর পরপরই আফগানিস্তান পড়ে যায় মহা বিপদে। দুই স্কটিশ বোলার জস ডেভি আর রিচি ব্যারিংটন মাত্র ১১ রানের মধ্যে আফগানিস্তানের ৫টি উইকেট ফেলে দিলে পরাজয়টাকে খুব কাছ থেকেই দেখতে থাকে তারা।
কিন্তু সামিউল্লাহ শেনওয়ারি ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাল্টে দেন পুরো পরিস্থিতি। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে তাঁর ইনিংসটি থেমে গেলে আফগানদের পক্ষে বাকি কাজটুকু করেন হামিদ হাসান ও শাপুর জাদরান। হামিদ অপরাজিত থাকেন ১৫ রানে, শাপুর করেন ১২ রান। জাভেদীর ৫১ রানের ইনিংসটিকেও কিন্তু ভুলে গেলে চলবে না।
বল হাতে স্কটল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিলেন রিচি ব্যারিংটন। ৪০ রানে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট। ডস ডেভি ও অ্যালিসডাইর ইভান্স নিয়েছেন দুটি করে উইকেট। সূত্র: স্টার স্পোর্টস।
আপনার মন্তব্য