স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৫ ০০:১৭

মেলবোর্নে মাশরাফি লাঞ্ছিত!

শ্রীলংকার বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশি প্রবাসীদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন। দলের আরও কয়েকজন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে মেলবোর্নের হান্টিংডেল মসজিদে জুমার নামাজ পড়তে গেলে কিছু বাংলাদেশি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারার কারণে তাকে লাঞ্ছিত করে।

বৃহস্পতিবারের ম্যাচে দলের বাজে পারফরমেন্স নিয়ে কতিপয় ক্ষুব্দ প্রবাসী বাংলাদেশির জেরার মুখে পড়েন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।

এ ঘটনায় বিব্রত হতভম্ব হন ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন প্রবাসী। দল খারাপ বা হতাশাজনক কিছু করুক বা নাই করুক, এ মূহুর্তে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোকে সামনে রেখে দলকে তারা কোন অবস্থায় হতদ্যম, বিব্রত করতে রাজি না। দল নিয়ে তাদের এখনও অনেক আশা-স্বপ্ন।

সূত্রগুলোর মতে শুক্রবার মাশরাফি সহ দলের কয়েক সদস্য মেলবোর্ন শহরতলীর হান্টিংডেল মসজিদে জুমার নামাজে গেলে নজরুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি তাদের জেরা শুরু করেন। নজরুল ইসলাম অভিযোগ করে বলেন শ্রীলংকার সঙ্গে খেলার আগেরদিন বাংলাদেশ দলের সদস্যরা অনুশীলনে অংশ না নিয়ে ঘুরে বেড়িয়েছে! এরজন্যে যাচ্ছেতাই পারফরমেন্স দেখিয়েছে টিম বাংলাদেশ! তিনি তার এ প্রতিবাদে আরও কয়েক প্রবাসীকে ডেকে আনেন।

মাশরাফি এ সময় বলেন, বাংলাদেশ টিমের সবাই অনুশীলন করেনি, এটা ঠিক নয়। আর অনুশীলন বাধ্যতামূলকও নয়। এ নিয়ে কথাবার্তা, জেরা-বাদানুবাদের পর্যায়ে গড়ালে মাশরাফি সহ খেলোয়াড়দের সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

এদিকে হান্টিংডেল মসজিদের ঘটনা জানাজানি হলে প্রবাসী কমিউনিটিতে তা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কুদরত হোসেন নামের এক প্রবাসী তরুণ ফেসবুকে লিখেন, মাশরাফির সঙ্গে যারা দূর্ব্যবহার করেছে তাদের পরিচয় জানা দরকার।

এ নিয়ে মেলবোর্নে বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুকে এ ঘটনার জন্য প্রবাসী বাংলাদেশিরা তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ৯২ রানে হেরে যায়। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৫ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের নেলসনে যাচ্ছে।

 

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত