০২ মার্চ, ২০১৫ ২২:২২
স্বেচ্ছাচারিতা, নিয়ম ভঙ্গ করে গভীর রাত পর্যন্ত ক্যাসিনোতে জুয়া খেলায় মত্ত থাকার পর দম্ভের মাধ্যমে স্বীকারোক্তি এবং নিয়ম তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে ঘোষণা দেওয়ার পরেও বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন স্বপদে আছেন বহাল তবিয়তে। কোথায় তার খুঁটির জোর- এ নিয়ে প্রশ্ন ফিরছে সবখানে। এদিকে টিম ম্যানেজার হিসেবে তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠেছে কারণ বাংলাদেশ দলের প্রথম ম্যাচের দিন অধিকাংশ সময়ই তাঁকে প্যাভিলিয়নের পাশে ঘুমাচ্ছেন এই অবস্থায় দেখা গেছে।
মোহাম্মদ আশরাফুল যে সময়ে ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন সে একই সময়ে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠেছিল সুজনের বিরুদ্ধেও কিন্তু বিসিবির কর্তাব্যক্তি হওয়ার সুবাদে তিনি বেঁচে যান। ফলে সময়ের ব্যবধানে আরও বেশি স্বেচ্ছাচারি হয়ে ওঠেন তিনি।
এর আগে সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক ম্যাচে দর্শকদের সঙ্গে সামান্য বিবাদের কারণে বিশ্বকাপে সিলেট ভেন্যু বাতিলের হুমকি দিয়েছিলেন। সে যাত্রায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের অনুরোধে শান্ত হন তিনি। পরবর্তিতে সিলেটেও অনুষ্ঠিত হয় অনেকগুলো ম্যাচ।
সর্বশেষ অস্ট্রেলিয়া গিয়ে গভীর রাত পর্যন্ত ক্যাসিনোতে জুয়া খেলে সময় কাটিয়েছেন সুজন। আইসিসির নিয়ম অনুযায়ী, রাত দশটার পর টিম হোটেল থেকে বের না হওয়ার নিয়মটা খেলোয়াড়, কোচ, ম্যানেজার সবার জন্যই একই! তার মানে কি কোন নিয়মেরই তোয়াক্কা করছেন না খালেদ মাহমুদ সুজন? অথচ রাতে টিমের বাইরে থাকার কারণে পেসার আল-আমিনকে দেশে ফেরত আসতে হয়েছিল।
খালেদ মাহমুদ সুজন অবশ্য রাতে বাইরে থাকার কথা স্বীকার করে অহংকার করে বলেন- ‘আল আমিনের সঙ্গে আমার তুলনা করলে হবে না। সে একজন খেলোয়াড়। তাকে অনেক নিয়ম মানতে হয়। আমার কী মানতে হয়, সব নিয়ম আমি জানি। আমার রাতে বেরোনোর সময় কাউকে জানানোর দরকার আছে বলে মনে করিনি।’
খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্ট সবার জন্যে এই আইন প্রযোজ্য যার প্রমাণ ছিল পাকিস্তানের নির্বাচক মঈন খানের ক্ষেত্রে। রাত ১০টার পর দলের সাথে না থাকার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করেছে পিসিবি।
এত কিছুর পরেও খালেদ মাহমুদ সুজনের ক্ষেত্রে আইসিসি'র নিয়ম কেন প্রযোজ্য হবে না এ নিয়ে প্রশ্ন ওঠেছে সবখানে। টিম ম্যানেজার যদি নিয়ম না মানেন তাহলে এর প্রভাব দলের ওপর পড়তে বাধ্য বলে মনে করছেন অনেকেই।
এই স্বেচ্ছাচারিতার পর এখনই কোন শাস্তির মুখোমুখি হচ্ছেন না সুজন যার প্রমাণ পাওয়া গেছে বিসিবি প্রেসিডেন্টের বক্তব্যে। দল বিশ্বকাপ শেষে দেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে চান বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একটা বেসরকারী টেলিভিশন চ্যানেলকে তিনি এই ব্যাপারে বলেন, ‘এখনই কোনো সিদ্ধান্ত হবে না। তারা দেশে ফিরলে আমরা পুরোটা খতিয়ে দেখব।’
উল্লেখ্য, ক্যাসিনোতে সম্প্রতি খালেদ মাহমুদ সুজনের যে ছবিটা অনলাইনে পাওয়া যাচ্ছে সেটা গত ২৬ ফেব্রুয়ারি রাত একটা ৪৫ মিনিটে তোলা। এর থেকে স্পষ্ট যে, আইসিসির নিয়ম ভঙ্গ করে রাত দশটার পর টিম হোটেল থেকে বাইরে গিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। সেই ঘটনা সুজন নিজেও স্বীকার করেছেন। আর বোর্ড সভাপতিও এই ব্যাপারে অবগত।
আপনার মন্তব্য