০২ মার্চ, ২০১৫ ২৩:১১
অসম্ভবকে সম্ভব করতে পারলে কাড়ি কাড়ি পুরষ্কারের ভেলায় ভাসবেন মাশরাফিরা । এমনটাই আভাস পাওয়া গেল । বিশ্বকাপ ট্রফি পেলেই প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকা পুরস্কার। শুধু কি তাই, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জিতলেই নিশ্চিত উপহার।
বিসিবির পক্ষ থেকেই দেয়া হবে এসব পুরষ্কার ।
২৯ মার্চ মেলবোর্নে বিশ্বকাপ খেলতে পারলেই এমন পুরস্কার অপেক্ষা করছে মাশরাফি বাহিনীর জন্য। কে ছাড়তে চায় এমন পুরস্কার বলুন। ধরুন, বাংলাদেশ দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরেছে। আর দেশে ফিরেই এতো বড় অঙ্কের পুরস্কার ভাবতেই অন্যরকম লাগছে। যদিও সেটা অনেক বেশি বাড়াবাড়ি স্বপ্ন । তবে অতদূর না গেলেও প্রতি জয়ের জন্যই যে থাকছে পুরষ্কারের ঢালি। সেটাইবা কেন হাতছাড়া করবে টিম বাংলাদেশ?
এমন পুরস্কারের অঙ্ক বিশ্বকাপের টিম ম্যানেজমেন্টকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে আসবে আজকালের মধ্যে। বিসিবি ও দলের বিভিন্ন সূত্রে অবশ্য পুরস্কারের টাকার অঙ্কগুলো মোটামুটি জানা গেছে। এ এদিকে, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান। সেই সাথে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ব্যাপারটা আরেকটু খোলাসা করে বলেছেন, ‘বিশ্বকাপে যেকোনো ম্যাচ জিতলেই বাংলাদেশ দলকে বিশেষভাবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের ধরন এবং প্রতিপক্ষের ওপর নির্ভর করে ওঠানামা করবে পুরস্কারের অঙ্ক।’
এই অঙ্কের হিসেবটা কিন্তু বিভিন্ন দলের সাথে ম্যাচ জেতার উপরই নির্ভর করছে। যেমন, প্রথম পর্বে আইসিসির কোনো সহযোগী সদস্য দলকে হারালে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ হাজার ডলার, পূর্ণ সদস্যদেশকে হারালে অঙ্কটা দাঁড়াবে ২০ হাজার ডলার। কোয়ার্টার ফাইনালে উঠলে বাংলাদেশ দল পাবে ১ লাখ ডলার, সেমিফাইনালে উঠলে ৫ লাখ। আর যদি একবার ফাইনালে উঠেই যায়, দলের ভান্ডারে যোগ হবে আরও ১০ লাখ ডলার। চ্যাম্পিয়ন হলে পুরস্কার ২০ লাখ ডলার।
এরই মধ্যে কিন্তু লটারি জেতার অঙ্ক পেয়ে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ৫ হাজার ডলার এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ।
আপনার মন্তব্য