০৮ মার্চ, ২০১৫ ২২:১৭
ইংল্যাণ্ডের বিপক্ষে মাঠে নামলে চেহারা পাল্টে যায় বাংলাদেশ দলের। সর্বশেষ তিন ম্যাচে বাংলাদেশ জিতেছিল দুই ম্যাচ, যার মধ্যে আছে বিশ্বকাপের ম্যাচও। তার ওপর ইংল্যাণ্ড হারলেই বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায়। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ইংল্যাণ্ড ম্যাচকে বেশ চাপের ম্যাচ বলে সরল স্বীকারোক্তি দিয়েছেন ইংল্যাণ্ডের কোচ পিটার মুরস। এদিকে এ ম্যাচে বাংলাদেশ যদি হেরেও যায় তবুও সুযোগ আছে বাংলাদেশের সামনে।
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড দল বেশ চাপে আছে বলে মেনে নিয়েছেন ইংল্যাণ্ডের কোচ পিটার মুরস। তবে পাহাড় সমান এই চাপ সামলেই জয় পেতে প্রত্যয়ী ইংলিশরা।
সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে ইংল্যাণ্ডের। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্বাভাবিক কারণেই চাপের বিষয়টি আসে।
রোববার ইংল্যাণ্ড দলের সংবাদ সম্মেলনে মুরস বলেন, "বিশ্বকাপে চাপ আছে এবং দল হিসেবে আমাদের ওপরেও চাপ আছে। কারণ, আমরা খেলতে পারিনি।"
বাংলাদেশের বিপক্ষে বাড়তি চাপটা কোথায়, তাও ব্যাখ্যা করেন মুরস।
"আমরা জানি, ম্যাচটি আমাদের জিততেই হবে এবং এটা আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলানোর সামর্থ্য থাকতে হবে।"
ইংল্যাণ্ডের জন্য ভয়ের কিছু আছে কিনা এই প্রশ্নে মুরস বলেন, "এটা চাপের একটা ম্যাচ।"
ইংল্যাণ্ডের জন্য ম্যাচটি যেমন নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন, তেমনি প্রতিশোধের উপলক্ষও। গত বিশ্বকাপেও বাংলাদেশের কাছে হেরেছিল তারা।
জয়ের জন্য প্রত্যয়ী হলেও ইংল্যাণ্ড কোচ অবশ্য প্রতিশোধ নেওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন না। তার কাছে ইংল্যাণ্ডের এই দল ভিন্ন একটি দল।
সোমবারের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই ইংল্যাণ্ডের অপরদিকে বাংলাদেশের সামনে আছে আরও সুযোগ ইংল্যাণ্ড এবং নিউজিল্যাণ্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিতলে বাংলাদেশ খেলবে কোয়ার্টার ফাইনাল। আর বাংলাদেশ-ইংল্যাণ্ড ম্যাচে ইংল্যাণ্ড জিতলেও তাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশের ওপর ম্যাচের ফলাফল পর্যন্ত, তার ওপর নিজেদের অপর ম্যাচ আফগানিস্তানের বিপক্ষেও জিততে হবে তাদের।
আপনার মন্তব্য