নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০১৫ ২১:৫৬

বিশ্বকাপের শেষ আটে উঠায় বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ

অনেকদিন পর ইতিবাচক খবরে বাংলাদেশ বিশ্ব মিডিয়ার শিরোনামে এল আবারও

বিশ্ব মিডিয়ায় প্রায়ই বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবর হয়ে থাকে । অনেকদিন পর ইতিবাচক খবরে বাংলাদেশ বিশ্ব মিডিয়ার শিরোনামে এল আবারও । অন্যতম ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকে ১৫ হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ।

বাংলাদেশের এমন অর্জনের দিনে স্বাভাবিকভাবেই টাইগারদের নিয়ে বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। বিশেষ করে ইংল্যান্ডকে হারানোয় ব্রিটিশ মিডিয়াতে ফলাও হয়েছে বাংলাদেশের জয়ের সংবাদটি। এ ছাড়া ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সারাবিশ্বে জয়গান হচ্ছে টাইগারদের।

বিবিসির ইংরেজি ভার্সনে শিরোনামে লেখা হয়েছে, ‘হেরে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়’। বিবিসির বাংলা ভার্সনের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ’। অপর এক সংবাদের শিরোনাম করা হয়েছে ‘অ্যাডিলেডে বাঘের গর্জন’। ব্রিটিশ টেবলয়েড ডেইলি মেইলের শিরোনাম ছিল ‘অ্যাডিলেডের ওভালে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে ২০১৫ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের লজ্জার বিদায়’। সংবাদটিতে শোভা পাচ্ছে রুবেল-তাসকিনদের বীরত্বের ছবি। একই ধরনের শিরোনাম করা হয়েছে ডেইলি মিররে।

অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের হোম পেজে শোভা পাচ্ছে লাল-সবুজ জার্সি গায়ে মাশরাফি-মাহমুদউল্লাহদের উল্লাসের ছবি। যেখানে শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করল বাংলাদেশ’। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের শিরোনাম করা হয়েছে ‘বিশ্বকাপ ফাইনাল মিস করবে ইংল্যান্ড’। সংবাদটিতে ইংল্যান্ড-বাংলাদেশের ম্যাচের সমীকরণ ও তার ফল উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ নকআউট পর্বে খেলার ইতিহাস গড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনে শিরোনাম করা হয়েছে ‘মাহমুদউল্লাহ-রুবেল মিলে বিশ্বকাপ থেকে বিদায় করেছে ইংল্যান্ডকে।’

ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের জয় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, কোয়ার্টারে প্রতিপক্ষ হতে পারে ভারতের’। দ্য টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল ‘বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ধুঁকতে থাকা ইংল্যান্ড।’ এনডিটিভির শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, সম্ভবত কোয়ার্টারে মুখোমুখি হবে ভারতের’। কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজারের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ’।

আপনার মন্তব্য

আলোচিত