০৯ মার্চ, ২০১৫ ২২:৪১
অস্ট্রেলিয়ার এডিলেইড যেন একখণ্ড মিরপুরে রূপ নিলো। যে কয়েক হাজার বাংলাদেশি সমর্থক ছিলেন উপস্থিত তারা দিনব্যাপি আনন্দ-উৎসবে রূপ দিয়েছিল অস্ট্রেলিয়ার বিখ্যাত এ মাঠ ও আশপাশের পরিবেশকে।
যে মাঠে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ইংল্যান্ড সেখানকার দর্শক ধারণক্ষমতা ৫৪ হাজার হলেও উপস্থিত ছিল পনের হাজারের মতো দর্শক যাদের বেশিরভাগই বাংলাদেশের সমর্থক। এর বাইরে কিছু দর্শক ছিলে ইংল্যান্ড দলের এবং উপস্থিত ছিলেন স্থানীয় কিছু অস্ট্রেলিয়ানও।
ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা বাংলাদেশের সমর্থকেরা এডিলেইডের এ মাঠকে রূপ দেন একখণ্ড মিরপুরে। রঙে রঙে রঙিন হয়ে ওঠে পুরো গ্যালারি। বাংলাদেশ দলের জার্সি গায়ে, হাতে পতাকা, মুখে-শরীরে লাল-সবুজের উল্কি দিয়ে দিনভর রঙিন থাকে গ্যালারি।
খেলোয়াড় নাম ধরে ধরে স্লোগান, চার-ছয় হলে উচ্ছ্বাস-চিৎকার-হুল্লোড় সব ছিল। বিপক্ষ দলের উইকেট প্রাপ্তিতে ছিল আনন্দের উপলক্ষ আর নিজেদের উইকেট পতনে ছিল আক্ষেপের সুর।
সাকিব যখন মরগানের ক্যাচ গ্যালারির পাশে লুফেন তখন যে উচ্ছ্বাস দেখেছিলেন তিনি হয়ত সে সময় ভুল করে ভাবতেই পারেন খেলাটা বোধহয় মিরপুরেই খেলছেন তিনি। স্বভাবতই তাই গ্যালারির দিকে দুই হাত তুলে জবাব দিলেন সাকিব।
ম্যাচ যখন গড়াচ্ছিল টান টান উত্তেজনায় তখন গ্যালারির মধ্যে থাকা হাজারও দর্শক একইভাবে দুঃশ্চিন্তায় ছিলেন আর জয়ের পর স্বাভাবিকভাবে দেখিয়ে গেছেন বাঁধভাঙা উচ্ছ্বাস।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৫ রানের ব্যবধানে। বাংলাদেশের করা ২৭৫ রানের জবাবে ২৬০ রানে অলআউট হয় ইংল্যান্ড। এই হারের মাধ্যমে ইংল্যান্ডের বিশ্বকাপের বিদায় নিশ্চিত হয় এবং প্রথম বারের মতো বাংলাদেশ পৌঁছে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে।
আপনার মন্তব্য