সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১০ মার্চ, ২০১৫ ০১:০৫

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল: আতঙ্কে ভারতীয় লিজেন্ড গাভাস্কার!

যদিও এখনও চুড়ান্ত হয়নি কোয়ার্টার ফাইনালের লাইনআপ। তবে বাংলাদেশকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে আতঙ্কে আছেন ভারতীয় লিজেন্ড সুনীল গাভাস্কার। বাংলাদেশের ধারাবাহিকতায় মুগ্ধতা ছড়িয়ে তিনি জানালেন- কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড হলে ভারতীয়দের জন্যে সহজ হতো।

সোমবারের এই ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ভারতের এনডিটিভিকে গাভাস্কার বলেন, "কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলাই ভারতের জন্য সহজ হতো। কারণ বাংলাদেশ দল ভয়ঙ্কর এক প্রতিপক্ষ। এর আগেও তারা ভারতকে হারিয়েছে, এমনকি বিশ্বকাপেও।"

বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত দারুণ খেলছে বাংলাদেশ দল। ৫ ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা, আর তিনটিতে জিতেছে। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠেই নামতে পারেনি সাকিব-মুশফিকরা।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ভারত; ২৮ ম্যাচ খেলে ২৪টিতেই জিতেছে তারা; তিনটিতে জিতেছে বাংলাদেশ, অন্যটি পরিত্যক্ত। তবে যে ৩ ম্যাচে হেরেছে ভারত তার একটি আবার বিশ্বকাপে।

২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ওঠার পথেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

অ্যাডিলেইড ওভালে সোমবার পুল 'এ'-তে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে ওঠা নিশ্চিত করে বাংলাদেশ। একই সঙ্গে ইংল্যান্ডকে খালি হাতে বিশ্বকাপ থেকে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

শেষ আটে ভারত-বাংলাদেশের দেখা হওয়াটা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। পুল 'এ'-তে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। আর ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পুল 'বি'-এর শীর্ষে আছে ভারত। ভারত যদি তার গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে ওঠে এবং বাংলাদেশ যদি নিজের গ্রুপের চার নম্বর দল হয়, তাহলেই কোয়ার্টার-ফাইনালে ধোনিদের সঙ্গে দেখা হবে মাশরাফি-সাকিবদের।

উল্লেখ্য, বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৭৫ রান করে, জবাবে ২৬০ রান করে অলআউট হয় ইংল্যান্ড।

 

আপনার মন্তব্য

আলোচিত