ডেস্ক রিপোর্ট

১২ মার্চ, ২০১৫ ০৩:৪৩

হ্যামিলটনে বাংলাদেশ: যেভাবে কাটলো প্রথম দিন

নিউজিল্যান্ডের হ্যামিলটনে পৌঁছানোর পর অনুশীলন সবার জন্যে বাধ্যতামূলক ছিল না। তাই অনেক ক্রিকেটার বিশ্রামে কাটিয়েছেন সময়। তবে মাহমুদুল্লাহ রিয়াদসহ কয়েকজন ক্রিকেটার ঠিকই ছিলেন অনুশীলনে। হালকা অনুশীলন আর বিশ্রামের মাধ্যমেই কাটাল বাংলাদেশ, শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে।

বুধবার সকালে হ্যামিলটনে যান ক্রিকেটাররা। কাল সেডন পার্কে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না পাঁচ ক্রিকেটার। স্থানীয় সময় বেলা ২টায় অনুশীলন শুরু হয়। বিশ্রামে কাটিয়েছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

সেডন পার্ক বাংলাদেশর এই দলটির কাছে পরিচিত। এর আগে এই মাঠে খেলেছেন মাশরাফি, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম ও রুবেল হোসেন। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাকিব ও মাহমুদউল্লাহ। ২০১০ সালে টেস্টে মাহমুদউল্লাহ ১৭৭ বলে ১১৫ রান করেন। প্রথম ইনিংসে ৮৭ এবং দ্বিতীয় ইনিংসে শতক হাঁকান সাকিব। ১২৯ বলে ১০০। ওই টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল (৬৮)।

সেডন পার্কে বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। নিউজল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ২৫বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জয় পেয়েছে আট ম্যাচে। নিউজিল্যান্ড ১৬টিতে জিতেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ আটবারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে সাতটিতে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আটটি ম্যাচই বাংলাদেশ তাদের হোম কন্ডিশনে খেলেছে। এবার লড়াই নিউজিল্যান্ডের কন্ডিশনে।

দু’দলই কেয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড হারলেও শীর্ষে, জিতলেও শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করবে। বাংলাদেশ যদি এই ম্যাচে হেরে যায়, তাহলে গ্রুপে চতুর্থ স্থানে থাকবে। নিউজিল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে। টানা পাঁচ ম্যাচ জেতার পরও বাংলাদেশকে সমীহ করছেন কিউই ব্যাটসম্যান লুক রনচি। কাল তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে তারা ভালো ক্রিকেট খেলেই জিতেছে। বাংলাদেশ একটা ম্যাচ হেরেছে। তারা ধারাবাহিক। তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে।’

 

আপনার মন্তব্য

আলোচিত