১২ মার্চ, ২০১৫ ২১:২৩
দুদলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। বাংলাদেশ জিতলে গ্রুপে তৃতীয় হতে পারবে, নিউজিল্যান্ডের জয়/পরাজয় তাঁদের গ্রুপের অবস্থানে কোন প্রভাব ফেলবে না। তবে তাই বলে কেউ কাউকে ছাড় দিবে এমন না।
কিউইরা তো ঘোষণা দিয়েই দিয়েছে- অপরাজিত থেকেই বিশ্বকাপ শেষ করতে চায় তারা। আর কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়াতে জয় দরকার বাংলাদেশের।
পরিসংখ্যান বলছে কিউই'দের সাথে গত ৭ মোকেবেলায় ৭টিতেই জয়ী দলের নাম বাংলাদেশ। কিন্তু ৭ ম্যাচই যে হয়েছিল বাংলাদেশে। উইকেট -কন্ডিশন সব মিলিয়ে ভিন্ন পরিস্থিতিতে ফর্মের তুঙ্গে থাকা ব্ল্যাক ক্যাপসদের সাথে হ্যামিল্টনের স্যাডেন পার্কে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলাদেশ।
হ্যাঁ এখন পর্যন্ত যা খবর তাতে কাল সাকিবই ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তোজাকে কোয়ার্টার ফাইনালের আগে শতভাগ ফিট রাখতে বিশ্রাম দেয়া হচ্ছে। পায়ের ব্যথার সাথে গলার ব্যথা যুক্ত হওয়ায় মাশরাফিকে নিয়ে রিস্ক নিতে চায় না টিম ম্যানেজম্যান্ট।
মাশরাফির জায়গায় তাই এবারের বিশ্বকাপে প্রথমবারের মত খেলার সুযোগ পাচ্ছেন মিডিয়াম পেসার শফিউল ইসলাম। একাদশে এই একটি পরিবর্তন ছাড়া আর কোন পরিবর্তনের আভাস পাওয়া যায়নি। তবে সাব্বির রহমানকেও বিশ্রাম দিয়ে নাসিরকে খেলার সুযোগ দেয়া হতে পারে বলে একটা সম্ভবনা আছে।
হ্যামিল্টনে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্রবারে খেলার সময় বৃষ্টি থাকবে না। হ্যামিল্টনের মাঠ কিছুটা হলেও স্পিনবান্ধব। পিচে একটু টার্ন আছে এই কারনে আরাফান সানি পাচ্ছেন আরেকটি সুযোগ।
সেডেন পার্কে রান তাড়া করে জয়ের পাল্লা ভারি হওয়ায় টসও হতে পারে গুরুত্বপূর্ন। ভারত নাকি নাকি দক্ষিণ আফ্রিকা কার সাথে পড়বে কোয়ার্টার ফাইনালের লড়াই ঠিক হবে কালই।
এবারের বিশ্বকাপের ৩৭তম এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
আপনার মন্তব্য