নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০১৫ ২০:১৮

কি পারেন না ভিলিয়ার্স ?

বহুমাত্রিক কাজে পারদর্শী সব্যসাচী ভিলিয়ার্স

নাম তাঁর এবিডি ভিলিয়ার্স। পুরো নাম আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। অনেকে বলছেন এবারের বিশ্বকাপের পর তাঁর নাম দেয়া উচিত এবিসিডি ভিলিয়ার্স। মানে আব্রাহাম বেঞ্জামিন চ্যাম্পিয়ন ডি ভিলিয়ার্স।

তিনি দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক। দলের সেরা ব্যাটসম্যান । সেরা ফিল্ডার। ১৯৮৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেয়া এই ক্রিকেটার যে আরও কতকিছুতে পারদর্শী সেটার হিসাব করলে চোখ ছানাবড়া হয়ে যায় অনেকের।

ডানহাতি এই ব্যাটসম্যান বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান তা নিয়ে বোধহয় তর্ক করবে না তাঁর চরম শত্রুও। রয়েছে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি এবং দেড়শ রান করার কৃতিত্ব। তিনি ব্যাটিং এ নামলে নতুন কি রেকর্ড হয় তা নিয়েই জল্পনা কল্পনা করেন সবাই। ওয়ানডেতে এখন উইকেট কিপিং করেন না কিন্তু করলে যে তিনি সেই কাজের বিশ্বের সেরাদের একজন তা নিয়েও নেই দ্বিমত। 

জন্টি রোডস, হার্সেল গিবস পরবর্তী সময়ে বিশ্বের সেরা ফিল্ডারও তিনিই। বাকি থাকল কেবল বোলিং। সম্প্রতি তিনি বল করলে উইকেটও নিচ্ছেন। এই বিশ্বকাপেই নিয়ে ফেলেছেন গোটা চারেক উইকেট। সত্যিকারের অলরাউন্ডার আর কাকে বলে!

এ তো গেল ক্রিকেটের কথা। ভিলিয়ার্স ১০০ মিটার স্প্রিন্টেও একবার দক্ষিণ আফ্রিকান বয়স ভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। খেলতে পারেন রাগবি। এতই ভাল খেলেন যে ক্রিকেটার না হলে প্রোটিয়াস রাগবি দলেই থাকতেন তিনি। বোঝা গেল ভিলিয়ার্স 'হাড্রেন্ড পারসেন্ট স্পোর্টস পারসন'। কিন্তু না এতেও বাদ পড়ে যাচ্ছে আরেকটি বিষয়। তিনি পড়াশোনাতেও দারুণ। শিক্ষাজীবনে একবার তো  সাইন্সে প্রজেক্টে প্রথম হয়ে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি নেতা নেলসন মেন্ডেলার কাছ থেকে পুরষ্কারও নিয়েছেন।

পৃথিবীতে এমন বহুমাত্রিক কাজে পারদর্শী সব্যসাচী মানুষের জন্ম বোধহয় খুব কমই হয়।

আপনার মন্তব্য

আলোচিত