১৭ মার্চ, ২০১৫ ২১:০০
বাঘের গর্জনে কাঁপছে বিশ্ব, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে টিম বাংলাদেশ। ১৯ মার্চ মেলবোর্নে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আমার দেশ।টাইগারদের কাজ তারা করছে ঠিকঠাক, কিন্তু আপনি আমি কী করছি?
এমন প্রশ্ন রেখে রাজপথে জাতীয় পতাকা বর্ণ্যাঢ্য শোভাযাত্রায় নামছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমি জনতা। ১৮ মার্চ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এক পতাকা শোভাযাত্রার আয়োজন করেছে ফেসবুকভিত্তিক ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামে ফেইসবুক ভিত্তিক একটি পেজ/সংগঠন। সহ আয়োজক হিসেবে আছে- আমার একটাই টিম, বাংলাদেশ এবং আমরা জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ নামের আরও দুটি ফেসবুক পেজ।
সংগঠন সূত্রে জানা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটপ্রেমী সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত Bangladesh Cricket Fans Unity - BCFU এর আহ্বানে ইতোমধ্যেই অনেক ছাদে উঠেছে লাল সবুজের পতাকা।
রাজপথে জাতীয় পতাকা হাতে নেমে তারা বাংলাদেশের ক্রিকেট দলকে জানিয়ে দিতে চায় মাঠের লড়াইয়ে ১১জন টাইগার থাকলেও মাঠের বাইরে আছে ষোল কোটি লোক।
এবার আমরা রাজপথে নামব, দেশব্যাপী লাল সবুজের প্রাণের জাতীয় পতাকা হাতে গর্জে উঠব। টাইগারদের কাছে পৌঁছে দেব এই বার্তা, তোমরা একা না। মাঠে তোমরা এগারোজন, কিন্তু সাথে আছি আমরা ষোল কোটি। যে লাল সবুজ পতাকার জন্য তোমরা খেলো, সে লাল সবুজের পতাকা হাতে আমরা আছি রাজপথে, তোমাদের সাহস যোগাতে, শুভকামনা জানাতে- এমনটাই জানিয়েছে সংগঠনটি। এ লক্ষ্যে ফেসবুকে একটি ইভেন্টও করেছে তারা এবং ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে ইভেন্টে।
সংগঠনটি জানিয়েছে, নিজের দলকে শুভ কামনা জানাতে বুধবার দুপুরের পর থেকেই টিএসসি এলাকায় অবস্থান নেবেন তারা। এবার প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলছে; সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, ১৯ মার্চ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আপনার মন্তব্য