১৭ মার্চ, ২০১৫ ২১:৪৯
শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকার মহারণ দিয়েই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের নকআউট পর্ব। হারলেই বিদায় এমনই এক সমীকরণের মুখোমুখি গ্রুপ পর্যায়ে ভাল ক্রিকেট খেলা দুদলই।
১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় দুদলই মাঠে নামবে সেমিফাইনালের স্বপ্ন বুকে নিয়ে।
শ্রীলংকা বর্তমান রানার্সআপ। পর পর দুবার তারা ফাইনালে ওঠেই ছুঁতে পারেনি চ্যাম্পিয়ন ট্রফি। আর অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে ফেভারিট ত্বকমা নিয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকা বরাবরই বিশ্বকাপে ভালো খেলে কিন্তু নকআউট পর্বে এলে তারা যেন নিজেদের খুঁজে পায় না।
চাপের মুখে ভেঙে পড়া তাদের পুরনো অভ্যাস। পারবে কী এবার তারা ‘চুকার্স’ অপবাদ ঘুচিয়ে দিতে- এমন প্রশ্নের উত্তর খুঁজতে অপেক্ষাইও করতে হচ্ছে। দলের হয়ে এবিডি ভিলিয়ার্স আছেন ফর্মের তুঙ্গে। প্রতিপক্ষ দলের বোলারদের নাক-মুখের জল এক করে দিয়ে ছুটছে তাঁর ব্যাট। আছেন হাশিম আমলা আর ডেইল স্টেইনের মতো ক্রিকেটার।
আর লঙ্কানরা বরাবরই আসর জুড়ে ভাল খেলে ২০০৭ আর ১১' বিশ্বকাপের ফাইনালে উঠেও, স্বপ্নিল বিশ্বকাপের ট্রফি ৯৬ পর আর ছুঁতে পারে নি। কিন্তু, এবার যেন মন থেকেই পণ করেছে এশিয়ার দলটি। দু'বার ফস্কে যাওয়া স্বপ্নের শিরোপা ঘরে তুলবেই তারা। সেই মিশনে এখন পর্যন্ত ঠিকই চলছে সব।
ক্যারিয়ারের গোধুলী লগ্নে সাঙ্গাকারা টানা চার ম্যাচে সেঞ্চুরি প্রোটিয়াদের বিপদ সংকেত দিয়ে রেখেছে। আছে দিলশান জয়াবর্ধনের মতো ব্যাটিং স্তম্ভও। এ পর্যন্ত সাঙ্গাকারার চার সেঞ্চুরির সুবাদে বিশ্বকাপে আট সেঞ্চুরি করেছে শ্রীলঙ্কানরা।
দুই দলের সেরা দুই খেলোয়াড়ের বিশ্বকাপের পারফরমেন্সের দিকে তাকালে দেখা যায় বিশ্বকাপের একাদশ আসরের রান সংগ্রাহকের তালিকায় এ মুহূর্তে সবার ওপরে আছেন সাঙ্গাকারা; ছয় ম্যাচে ১২৪.০০ গড়ে ৪৯৬ রান শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটসম্যানের। ছয় ম্যাচে ৮৩.৪০ গড়ে ৪১৭ রান নিয়ে তালিকায় তিনে আছেন ডি ভিলিয়ার্স।
দুই ব্যাটসম্যানের দুই রূপ বোঝাতে চার-ছক্কার পরিসংখ্যানও দেওয়া যায় এখানে। বিশ্বকাপের এ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা ডি ভিলিয়ার্সের (২০টি)। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও এখন প্রোটিয়া দলের এই মারকুটে ব্যাটসম্যানের। অন্যদিকে সাঙ্গাকারার ছয় ম্যাচে ছক্কা ৭টি।
চারের পাতায় আধিপত্য ব্যাকরণ মেনে বিধ্বংসী ব্যাটিংয়ের পসরা মেলা সাঙ্গাকারার; ছয় ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৪টি চার মেরেছেন তিনি। অন্যদিকে ডি ভিলিয়ার্সের চারের সংখ্যা ৩৫টি।
টানা চার সেঞ্চুরি দিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। ঠাণ্ডা মাথায় বোলারদের শাসন করা এমন ব্যাটিং চোখ জুড়িয়েছে ক্রিকেটপ্রেমিদের।
বিশ্বকাপের এ আসরে ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের বিপক্ষে ভয়ালসুন্দর ব্যাটিং করে ৬৬ বলে অপরাজিত ১৬২ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দেড়শ' রানের রেকর্ড এবং বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতক করেন ডি ভিলিয়ার্স।
আইসিসির ওয়ানডে সেরা ব্যাটসম্যানদের র্যাং কিংয়ে অবশ্য ডি ভিলিয়ার্সের পিছু ছুটছেন সাঙ্গাকারা। সর্বশেষ র্যাং কিং অনুযায়ী ৮৯৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান। আর ৮৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাঙ্গাকারা।
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়- ওয়ানডেতে এই দুই দলের শেষ আটটি মুখোমুখি লড়াইয়ের সাতটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। এই আট ম্যাচের সবকটিই শ্রীলঙ্কার মাটিতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে শেষ ১৬ ওয়ানডেতে দুই দলই আটটি করে ম্যাচ জিতেছে দুই দল।
ওয়ানডেতে প্রথম উইকেটরক্ষক হিসেবে ১০০টি স্ট্যাম্পিংয়ের মাইলফলক ছুঁতে আর একটি স্ট্যাম্পিং প্রয়োজন কুমার সাঙ্গাকারার এবং বিশ্বকাপের এক আসরে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রান করতে সাঙ্গাকারার আর ৪ রান দরকার। এই টুর্নামেন্টে এ পর্যন্ত টানা চারটি শতক করেছেন তিনি, কোনো এক বিশ্বকাপে এতগুলো শতক আর কেউ করতে পারেনি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক জ্যাক ক্যালিসকে (৩২ ইনিংসে ১ হাজার ১৪৮ রান) ছাড়াতে আর ৭ রান চাই এবি ডি ভিলিয়ার্সের (২১ ইনিংসে ১ হাজার ১৪২ রান)।
আপনার মন্তব্য