২১ মার্চ, ২০১৫ ০১:৪০
অস্ট্রেলিয়া আর বাংলাদেশের বিপক্ষে ঘামঝরানো জয় বাদ দিলে বাকি ম্যাচগুলোতে নিউজিল্যান্ড জয় পেয়েছিল হেসেখেলে। গ্রুপ পর্যায়ের সবগুলো ম্যাচ জয়ী এই দল বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে নিজেদের দেশে খেলছে বিশ্বকাপ সেমিফাইনাল।
টিম সাউদি, এন্ডারসন আর বোল্টের সমন্বয়ে গড়া পেস অ্যাটাক আর ডানিয়েল ভেটোরির মায়াবি স্পিনে বাংলাদেশ ছাড়া বাকি সব দলই অলআউট হয়েছিল। আর ব্যাটিংয়ে ম্যাককালাম, গাপটিল নিজেদের দিনে ধ্বংস করে দিতে পারেন যে কোন দলের বোলিং আক্রমণ। অপরদিকে এক গেইল একাই যথেষ্ট ম্যাচের ফলাফল নির্ণয় করে দিতে। আছেন স্যামুয়েলসের মতো ব্যাটসম্যান।
কোনো বিশ্ব আসরে এ প্রথম সরাসরি ফেভারিট বলা হচ্ছে নিউজিল্যান্ডকে। যার প্রমাণ রেখে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অগ্রগতি হয়েছে কিউইদের। এবার নকআউট পর্ব উতরে শিরোপা জেতার লক্ষ্য।
নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকাই শুধু নয়, নিউজিল্যান্ডেরও একটি বাজে অতীত আছে। বিশ্বকাপ নকআউট পর্বে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে কিউইরা। প্রশ্ন হলো, তাহলে ছয়বার সেমিফাইনাল খেলল কী করে? উত্তর, ওই ছয় বিশ্বকাপের পাঁচটিতে কোয়ার্টার ফাইনালের মাধ্যমে সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী নির্বাচন করা হয়নি।
হয়েছে গ্রুপ পর্বের সেরা চার দল নিয়ে বা রাউন্ড-রবিন লিগের দ্বিতীয় পর্বের মাধ্যমে। তাই বিশ্বকাপের সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দলের নজির দেখিয়েও টুর্নামেন্টের ফাইনালে ওঠা হয়নি, সেখানে শিরোপা তো আরও দূরের বিষয়।
অনেকটা দক্ষিণ আফ্রিকার মতোই অবস্থা তাদের। কিন্তু প্রোটিয়াদের মতো ভাগ্যের সঙ্গে চরম বৈরিতা প্রমাণ করে কিউইদের বিদায় নিতে হয়নি। তাই কখনও দক্ষিণ আফ্রিকার মতো নিউজিল্যান্ডের নকআউট গেরো নিয়ে অত উচ্চবাচ্য হয়নি।
বলা যায়, ক্যারিয়ারের সুখের সময়ে সবচেয়েও নির্ভারও থাকতে পারছে নিউজিল্যান্ড। দারুণ নির্ভার ও মাঠে দুর্বার এ দলের মুখোমুখি আজ ওয়েস্ট ইন্ডিজ। কোনো রাখঢাক না করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে বেশ সতর্কবাণী ছোটাচ্ছেন অধিনায়ক ম্যাককালাম।
তার মতে, আসরে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। কারণ এত দিন হাতে সুযোগ রেখেই যে কোনো ম্যাচে নামতে পারছিলেন ম্যাককালামরা। তবে আজ একটাই সুযোগ এবং জিততেই হবে_ এমন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি তারা। কিউই অধিনায়কের মতে, বিপক্ষ ক্যারিবীয়রা বলেই খুব কঠিন ম্যাচ এটা।
নিউজিল্যান্ডের মতো ওয়েস্ট ইন্ডিজের চিন্তাতেও গেইল। ইনজুরি নিয়ে এখনও ভুগছেন ক্যারিবীয় এ তারকা। এরপরও তাকে সেরাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী তরুণ অধিনায়ক জেসন হোল্ডার।
শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হচ্ছে তাদেরই মাঠে। যে দলটি টুর্নামেন্টের শুরু থেকে দুর্বার ও সব পরিস্থিতি সামলে জয় ছিনিয়ে আনছে। আসলেই সেমিফাইনাল নিশ্চিত করতে হলে তাসমান সাগরের ঢেউয়ের বিপরীত দিকে সাঁতরাতে হবে ক্যারিবীয়দের।
আপনার মন্তব্য