২১ মার্চ, ২০১৫ ২১:৫০
দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেরি করে বেরিয়েছে এক গুজব- আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন আ হ ম মুস্তাফা কামাল। ফেসবুকে কামালের নিজের নামে করা একটি ফেসবুক পেজসহ অন্যান্য অনেক পেজ থেকে এরকম নিউজ শেয়ার দেওয়া হয়। তবে এসব পেজ কে বা কারা চালাচ্ছিল এ নিয়ে নির্ভরযোগ্য কোন সূত্র পাওয়া যাচ্ছিল না। দিনশেষে প্রমাণ হলো এই সংবাদ ভুয়া এবং গুজব ছড়ানোই হচ্ছিল।
বিতর্কিত আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ মন্তব্য করে প্রয়োজনে পদত্যাগ করবেন বললেও এখনি সেটা করছেন না বলে জানিয়েছেন আইসিসি সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল । ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের খবরকে ‘গুজব’ বলেও উড়িয়ে দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ-ভারত মেলবোর্নের কোয়ার্টার-ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের পর আইসিসির কড়া সমালোচনা করেন সংস্থাটির সভাপতি কামাল। আইসিসিকে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলেরই নামান্তর বলে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনে পদত্যাগ করার কথাও জানান তিনি।
পরে আইসিসির সভাপতির পদ থেকে পরিকল্পনা মন্ত্রী কামালের সরে দাঁড়ানোর খবর ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়লে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বসু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই খবরকে ‘গুজব’ বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি সভাপতির পদত্যাগের যে খবর বেরিয়েছে, সেটা সত্য নয়। মুস্তফা কামাল নিজেই তা নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে বিতর্কিত ম্যাচে ১০৯ রানে হারে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে একের পর এক অবিশ্বাস বাজে সিদ্ধান্ত দেন সেদিন খেলা পরিচালনাকারী ২ ফিল্ড আম্পায়ার ও থার্ড আম্পায়ার ।
খেলা শেষে কামাল বলেন , "আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নই। পরবর্তী বোর্ড মিটিংয়ে আমি এটা তুলব।"
মুস্তফা কামালের মন্তব্যের বিপরীতে আইসিসি শুক্রবার দেওয়া এক বিবৃতিতে আম্পায়ারদের সিদ্ধান্তের পক্ষেই 'সাফাই' গায়। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্তটি আম্পায়ারদের ‘ফিফটি-ফিফটি কল’ ছিল উল্লেখ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন ওই বিবৃতিতে মুস্তফা কামালের মন্তব্যকে 'দুর্ভাগ্যজনক' বলে আখ্যা দেন।
আপনার মন্তব্য