নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০১৫ ২৩:০৫

কে জিতবে; আইসিসি নাকি অস্ট্রেলিয়া?

এবারের বিশ্বকাপের বাংলাদেশের সাথে বিতর্কিত কোয়ার্টার ফাইনালে জিতে সেমিতে যাওয়া ভারতও যেন সেই কমিটির দল

বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিং এর সমালোচনা করা ওয়ার্ন কি সতর্ক করছেন ক্লার্ককে?

গ্রাম-গঞ্জে কিংবা পাড়া-মহল্লায় কোন ক্রিকেট টুর্নামেন্ট হলে সেসব টুর্নামেন্টে কমিটির একটা দল থাকে। সেই দল নানান সুবিধা পেয়ে শেষ অবধি পর্যন্ত চলেও যায় ফাইনালে। সেইসব কমিটির দল নিয়ে হয় অনেক বিরোধ, কোন্দল।

এবারের বিশ্বকাপের বাংলাদেশের সাথে বিতর্কিত কোয়ার্টার ফাইনালে জিতে সেমিতে যাওয়া ভারতও যেন সেই কমিটির দল। অন্তত বাংলাদেশের সাধারণ মানুষ তা-ই মনে করছেন। বিশ্বকাপের মতন একটি আসরকে একদম পাড়া মহল্লার খেলাই মনে হচ্ছিল যখন একের পর এক দৃষ্টিকটু সিদ্ধান্ত যাচ্ছিল ভারতের পক্ষে, এমনকি আইসিসির অফিসিয়াল স্কোরবোর্ডে পর্যন্ত লেখা ভাসছিল- 'জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা '।

এই পরিস্থিতিতে বিশ্বকাপের সেমিফাইনালে সেই ভারতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারত কমিটির দল ধরলে আইসিসির তিন মোড়লের এক বড় মোড়ল অসীরাও। তাঁদের বিপক্ষে বাংলাদেশের মত বাজে আম্পায়ারিং করা সম্ভব হবে? এই একটি আশঙ্কা ছাড়া যেকোনো বিচারেই এগিয়ে অস্ট্রেলিয়া।

ভারত সবগুলো ম্যাচ জিতে সেমিতে এলেও  সামর্থ্য আর ইতিহাসের  বিচারে ভারত থেকে যোজন-যোজন এগিয়ে ক্যাঙ্গারুরা । সিডনীর যে মাঠে খেলা হবে সেখানে ৩৫

বছরের ওয়ানডে ইতিহাসে একবারই জিততে পেরেছিল ভারত। তাও প্রায় ৭ বছর আগে ২০০৮ সালে শচীন টেল্ডুলকারের কল্যাণে। আর বিশ্বকাপের সেমিফাইনালে কোনদিন হারেনি অস্ট্রেলিয়া । এই দুটি তথ্যই আসলে বুঝিয়ে দেয় ভারতের সম্ভাবনা কতটুকু।

বিশ্বকাপে দুইদলের ১০ দেখায় ৭ বারই জয়ী দলের নাম অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরু হবার আগে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই অস্ট্রেলিয়ার কাছে নূন্যতম পাত্তাও পায়নি ভারত । ভারতের কোহলি আছেন, ফর্মে থাকা দুই ওপেনার ধাওয়ান আর রোহিত আছেন, আছেন ক্যাপ্টেন্স কুল ধোনী আর ফিনিশার রায়না। বোলিং এ শামির সাথে যাদব, অশ্বিনরা খারাপ করছেনা ।  তবে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য মোটেও যথেষ্ট নয় তাঁদের পারফরম্যান্স । ফিন্স, ওয়ার্নার, ক্লার্ক, ওয়াটসন, স্মিথ সমৃদ্ধ দুর্দান্ত ব্যাটিং লাইনের সাথে স্টার্ক, জনসন, ফকনার, হ্যাজেলহুড়কে নিয়ে গড়া দুদণ্ড পেস এটাকের সামনে পড়তে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

বাংলাদেশের সাথে ওমন বিতর্কিত ম্যাচ না হলে হয়ত প্রতিবেশী দেশটির জন্য সমর্থন থাকত এদেশের অনেকের তবে ১৯ মার্চের ম্যাচের পর বাংলাদেশের প্রায় সকলেই ক্ষতে প্রলেপ দিতে মনেপ্রাণে জয় চাইবেন অস্ট্রেলিয়ার। এমনকি অনেকে বলছেন অস্ট্রেলিয়া যদি ভারতকে বিধ্বস্ত করে হারাতে পারে তবেই বেশ কিছুটা স্বস্তি পাবেন তারা।  
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ফাইনালে উঠার এ লড়াই ।

আপনার মন্তব্য

আলোচিত