২৫ মার্চ, ২০১৫ ২৩:৫৪
ভারতের সাথে সেমিফাইনালের আগে হঠাৎ অস্ট্রেলিয়ান অনুশীলনে হাজির কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নকে পেয়ে ভারত বধের টোটকা চাইবেন ক্লার্করা এমনটাই স্বাভাবিক। তবে ওয়ার্ন শুধু কৌশলই বললেন না, নেটে বেশ কিচ্ছুক্ষণ করলেন বোলিংও।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভারতীয় স্পিন সামলানোর পরামর্শ দিতেই মূলত এদিন অনুশীলনে এসেছিলেন সিডনির মাঠে নান্দনিক সব স্পেলের ইতিহাস গড়া এই স্পিনার। দলীয় সূত্রে খবর, অধিনায়ক ক্লার্কই নাকি ওয়ার্নকে অনুরোধ করেন অনুশীলনে আসার জন্য।
এদিন কালো হাত-কাটা জ্যাকেট ও গাঢ় ধূসর রঙের ট্রাউজার্স পরে ওয়ার্ন মাঠে ঢোকেন এবং সোজা চলে যান যেখানে অজি-বাহিনী অনুশীলন করছিল, সেখানে। প্রথমেই ক্লার্কের সঙ্গে প্রায় মিনিট ২০ কথা বলেন। সেই সময়ে অস্ট্রেলীয় দলকে উঁচু ক্যাচ প্র্যাকটিস করাচ্ছিলেন ফিল্ডিং কোচ মাইক ইয়ং। তাঁকে সাহায্য করতে নেমে পড়েন ওয়ার্ন। আবার ফিরে যান ক্লার্কের সঙ্গে আলোচনা করতে।
ফিল্ডিং প্র্যাকটিস হয়ে গেলে ওয়ার্ন ব্যাটিং নেটের কাছে গিয়ে আম্পায়ারের ভূমিকায় পুরো অনুশীলন পর্যবেক্ষণ করতে শুরু করেন। নেটে তখন ব্যাট করছিলেন ক্লার্ক। তাঁকে বল করছিলেন অফ-স্পিনার জেভিয়ার ডোহার্টি। ওয়ার্ন গিয়ে তাঁকে কিছু মূল্যবান টিপস দেন। তবে, এখানেই শেষ নয়। ওয়ার্নি (অজি দলে এই নামেই ডাকা হত ওয়ার্নকে) এসে টিম ইন্ডিয়াকে ঘায়েল করার শুধুমাত্র টোটকা দিয়েই থামেননি।
একটা সময় ছিল যখন ওয়ার্ন বল হাতে ভেলকি দেখাতেন। যে কারণে তাঁকে ‘স্পিন-উইজার্ড’ বা স্পিনের জাদুকরের আখ্যা দেয় ক্রিকেটবিশ্ব। এদিন তিনি পুরনো সেই সোনালী দিনে আবার ফিরে যান— নিজের হাতে বল তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের স্পিন খেলার কৌশল শেখান ওয়ার্ন।
তাঁর তূণিরে যা যা অস্ত্র ছিল, এদিন এক-এক করে পুরোটাই ক্লার্কদের দিয়ে আসেন ওয়ার্ন। তুলে দেন বিপক্ষ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করার যাবতীয় কলা-কৌশল।
অশ্বিনী, জাদেজাদের স্পিন এমন আহামরি না হলেও বড় ম্যাচের চাপ সামলে ভারতীয় স্পিনারদের দুর্বল ও শক্ত জায়গাগুলো ধরিয়ে দিয়েছেন তিনি। ওয়ার্নের কাছ থেকে ভারতীয়দের আউট করার কৌশল পেয়েছেন ম্যাক্সওয়েল, ডোহার্টরাও ।
আপনার মন্তব্য