ক্রীড়া প্রতিবেদক

৩১ মার্চ, ২০১৫ ১২:৫৪

বাংলাদেশ-পাক সিরিজি: বাংলাদেশীদের "পাকিস্তান বিদ্বেষ" নিয়ে চিন্তিত পিসিবি

বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে সে দেশের সরকারের সবুজ সঙ্কেত বেশ আগেই পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এপ্রিলে তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে বাংলাদেশে আসার দিনক্ষণ অবশ্য এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে ১৫ এপ্রিলই ঢাকায় পা রাখবে তারা ।  তবে বাংলাদেশীদের পাকিস্তান বিদ্বেষ নিয়ে কিছুটা চিন্তিত সেদেশের বোর্ড ।

এদিকে গত সোমবার এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রেজা কিসলু। তিনি বলেন, ‘এ ট্যুরে নিরাপত্তা অবশ্যই একটি বড় ব্যাপার। এটা নিয়ে এখনো কথাবার্তা হচ্ছে। ওখানে (বাংলাদেশ) পাকিস্তানের প্রতি এক ধরণের বিদ্বেষ আছে।’
‘সেজন্য সফরের আগে আমাদের নিরাপত্তা দল বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে যাবে। সেখানে নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলাপ হবে,’ যোগ করেন কিসলু।‘আমরা রাজনীতি ও খেলা আলাদা করে দেখি বলেই বাংলাদেশ সফরে যাচ্ছি।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এপ্রিলের মাঝামাঝি তারা আসবে বলে আমরা সুনিশ্চিত হয়েছি। আগামী তিন-চারদিনের মধ্যে কোথায় কোথায় এবং কবে খেলা হবে সেটি ঠিক করে ফেলব আমরা।’ ভেন্যু হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা প্রাধান্য পাচ্ছে বলেও জানান তিনি।

২৮ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও খেলা আয়োজনে কোনো সমস্যা হবে কি না, এ ব্যাপারে তিনি বলেন, ‘ওইদিন আমরা আমাদের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। তবে ট্যুরের বাকি সময়ে কোনো নিরাপত্তা সমস্যা দেখছি না আমি।’

এর আগে এপ্রিল-মে তে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান খেলাগুলোর ৫০ শতাংশ টাকা দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সে প্রস্তাবে রাজি না হলে অনিশ্চিত হয়ে পড়ে সফর। পরে আলোচনার মাধ্যমে পাকিস্তান দলের বিমানভাড়া সহ খরচের একটা অংশ দেয়ার প্রতিশ্রুতি বিসিবি দেয়ায় বিষয়টির সুরাহা হলে পাকিস্তানের বাংলাদেশ সফর আলোর মুখ দেখে।

আপনার মন্তব্য

আলোচিত