৩১ মার্চ, ২০১৫ ১৮:৫২
অবশেষে সফর সূচি চূড়ান্ত হল । ১৩ এপ্রিলই বাংলাদেশে পা রাখছে পাকিস্তান ক্রিকেট দল । সফরে তিনটি টেস্ট, দুটি ওয়ানডে একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
এর আগে পিসিবি জানায়, বাংলাদেশ সফরে আসার জন্য ক্রিকেট দলকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। সবশেষে পাকিস্তান দূতাবাসের নিরাপত্তা দল সোমবার বাংলাদেশে এসে সার্বিক পরিস্থিতি সন্তোষ্টজনক বলে পিসিবিকে জানানোয় সফর সূচি নিশ্চিত করে পিসিবি ।
বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল পাকিস্তান। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে তারা। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দেন সভাপতি নাজমুল হাসান।
এর প্রতিক্রিয়ায় পিসিবি জানিয়েছিল, ২০১১ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান দল; এবার বাংলাদেশের ফিরতি সফরে যাওয়ার কথা। ২০১২ সালে একটি লিখিত প্রতিশ্রুতিও দেয় তারা; কিন্তু তা রাখেনি বিসিবি। ফলে এই সফরটা এক হিসেবে পাকিস্তানের ‘হোম সিরিজ’। পাকিস্তানের এই হোম সিরিজের দাবিও মানতে অস্বীকৃতি জানায় বিসিবি।
শেষ পর্যন্ত কয়েকদফা আলোচনার পর সফরে আসতে রাজী হয় তারা । বাংলাদেশ-পাকিস্তান সিরিজের খেলাগুলো হবে মিরপুর , খুলনা এবং চট্টগ্রামে ।
আপনার মন্তব্য