সিলেটুডে স্পোর্টস ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৫ ২১:২৪

আইসিসি সভাপতি পদে আগ্রহ নেই বিসিবির

আ হ ম মোস্তাফা কামালের খালি হওয়া পদে আড়াই মাসের জন্য কাউকে বসানোর প্রস্তাব পেয়েও আগ্রহ দেখায় নি বিসিবি। রোববারের বোর্ড সভায় স্বল্প সময়ের জন্য এই পদ নেয়ার ব্যপারে সম্মিলিত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
সভা শেষে নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে বলেন-  “আমরা নাম পাঠানোর জন্য লিখিত কোনো প্রস্তাব পাইনি। এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। লিখিত কিছু না পাওয়া পর্যন্ত এটা নিয়ে কথা বলতে চাই না। ১৫-১৬ তারিখে আইসিসির সভা আছে, সেখানে গিয়ে দেখি কী সম্ভাবনা। তবে আমাদের নাম না পাঠানোর সম্ভাবনা বেশি।”
 
১৫ ও ১৬ এপ্রিল দুবাইয়ে হবে আইসিসির সভা। সেই সভায় যিনি সভাপতি হবেন জুনের বার্ষিক সাধারণ সভার আগে কার্যত তার কিছু করার থাকবে না।  
 “দুবাইয়ে নাম দেওয়ার পর আর কোনো সভা পাচ্ছেন না নতুন সভাপতি। বার্বাডোজে আইসিসির একটি সভায় ১০ মিনিটের একটি ভাষণ দিতে পারবেন তিনি। এই কাজের জন্য কেউ সভাপতি হবে কিনা, এটা একটা প্রশ্ন। এমন কোনো আগ্রহ কারো দেখি না।”
 
বিসিবি ও পিসিবির যৌথ মনোনয়নে আইসিসির সভাপতি প্রার্থী হয়েছিলেন মুস্তফা কামাল। নাজমুল হাসান জানান, এবারও তাই হবে। এসব ঝামেলায় যেতে নারাজ তিনি।
 বিসিবি সভাপতি জানান, সরকারের আগ্রহ থাকলে তারা কোনো নাম প্রস্তাব করতে পারেন। মাত্র আড়াই মাস মেয়াদ আছে এমন পদের জন্য বিসিবির কোনো আগ্রহ নেই। বিষয়টিকে ততটা গুরুত্বপূর্ণও মনে করছেন না তারা।
 
বাংলাদেশ-ভারত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ‘বিতর্কিত’ আম্পায়ারিংকে কেন্দ্র করে ওঠা বিতর্কের জের ধরে মুস্তফা কামাল আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান।
 নিয়ম অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত এ পদে বাংলাদেশেরই কারও থাকার কথা। তবে বিসিবির পক্ষ থেকে কারো নাম প্রস্তাব না করা হলে অন্য দেশের কেউ এ পদে বসতে পারেন।

আপনার মন্তব্য

আলোচিত