নিউজ ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৫ ১৫:৫৭

রুবেলকে অব্যাহতি দিয়ে হ্যাপীর মামলায় চূড়ান্ত প্রতিবেদন

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর করা মামলার তদন্তে ‘অভিযোগের প্রমাণ না পাওয়ার’ কথা জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ারও আবেদন করা হয়েছে পুলিশের এই প্রতিবেদনে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক হালিমা খাতুন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন বলে হ্যাপীর আইনজীবী তুহিন হাওলাদার জানান।

তিনি বলেন, আগামী ১৩ এপ্রিল এই প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।

গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় নারী নির্যাতন দমন আইনে এই মামলা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হ্যাপী। রুবেলের বিরুদ্ধে  ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার রুবেল বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।

মামলায় ধর্ষণের অভিযোগ থাকায় পুলিশের ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হ্যাপীর ডাক্তারি পরীক্ষা হয়। তবে ‘জোর করার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়।

পরে হ্যাপীর আইনজীবীদের আবেদনে রুবেলের ডিএনএ পরীক্ষারও অনুমতি দেয় আদালত।

এই মামলার কারণে গত বিশ্বকাপের আগে তিন দিন জেলেও থাকতে হয়েছে রুবেলকে। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বিদেশে খেলতে যাওয়ার অনুমতি পান।

রুবেলের বিশ্বকাপে খেলতে যাওয়া ঠেকাতে হাই কোর্টে গিয়েছিলেন ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের নায়িকা হ্যাপী। তবে আদালত তার সেই আবেদনে সাড়া দেয়নি।

ওই মামলা নিয়ে মাসখানেক ধরে তুমুল আলোচনার পর ফেব্রুয়ারির শুরুতে হ্যাপি জানান, রুবেলকে তিনি ‘ক্ষমা করে’ দিয়েছেন।

বিশ্বকাপে রুবেলের কৃতিত্বে উচ্ছ্বসিত এই উঠতি নায়িকা গত মাসে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, তিনি নিজেও আর মামলা চালাতে ইচ্ছুক নন। 

আপনার মন্তব্য

আলোচিত