০৭ এপ্রিল, ২০১৫ ২০:৪৫
পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হল দেশীয় কোম্পানি টপ অব মাইন্ড। ।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জাতীয় দলের স্পন্সর পাওয়ার কথা জানান।
আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য গত ৩০ মার্চ জাতীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয় বিসিবি। তাতে সাড়া দেয় টপ অব মাইন্ড, গ্রামীণ ফোন, রবি ও টোটাল স্পোর্টস।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, তারা প্রত্যাশিত দর পাননি। দলের স্পন্সর পেতে সর্বোচ্চ দরদাতাদের নিজেদের সর্বনিম্ন প্রত্যাশার কথা জানায় বিসিবি। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে এগিয়ে আসে টপ অব মাইন্ড।
২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস বাকি থাকতেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আপনার মন্তব্য